বছর তিনেক হলো বিভিন্ন রাজনৈতিক মামলায় কারাগারে বন্দী ইমরান খান। পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ও দেশটির সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে পরিবার সবসময়ই উদ্বেগ প্রকাশ করেছে। ইমরান খানের চোখ নষ্ট হয়ে যাচ্ছে, এমন খবরও বেরোয়। সেই খবরের পর পাকিস্তানের সাবেক অধিনায়কের চিকিৎসার জন্য দেশটির সরকারের কাছে চিঠি লিখেছিলেন আন্তর্জাতিক ১৪ জন অধিনায়ক।
ছয় মাসের ব্যবধানে কদিন আগে ২১ জন অধিনায়ক মিলে আবারও চিঠি দেন। তাদের অন্যতম একজন ছিলেন মাইকেল আথারটন। শুধু চিঠি লিখেই থেমে যাননি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও স্কাই স্পোর্টসের ব্রডকাস্টার। ইংল্যান্ড ও পাকিস্তানের দ্বিতীয় টেস্টের আগে বুধবার সকালে লর্ডসের রাইটারস রুমে ইমরান খানের দুই ছেলে সুলেইমান ও কাসিম খানের সাক্ষাৎকার নেন আথারটন।
সাক্ষাৎকার নেওয়ার পর স্কাই স্পোর্টস একটি টিজারও প্রকাশ করে। যেখানে জানানো হয় লর্ডস টেস্টের প্রথম দিনের লাঞ্চ বিরতির সময় সাক্ষাৎকারটি প্রচার করা হবে। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, সাক্ষাৎকারের টিজার সামনে আসার পর স্কাই স্পোর্টসের সঙ্গে যোগাযোগ করে পিসিবি। সাক্ষাৎকারটি যেন না প্রচার করা হয় সেজন্য তাদের অনুরোধ করা হয়।
বিভিন্ন সূত্রের বরাতে আরও জানানো হয়েছে, সাক্ষাৎকার প্রচার হলে পাকিস্তানের ক্রিকেটাররা লাঞ্চের পর মাঠে নামবেন না এমন হুমকিও নাকি দেওয়া হয়েছিল। যদিও পিসিবির সেই অনুরোধ গায়ে লাগায়নি স্কাই স্পোর্টস। একটু দেরিতে হলেও ১৮ মিনিটের পুরো সাক্ষাৎকার প্রচার করে তারা। বেলা যখন ২ টা ৪০ মিনিট তখন সাক্ষাৎকার প্রায় শেষ।
ওই সময় দ্বিতীয় সেশনে ফিল্ডিং করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে মাঠেও নেমেছেন বাবর-রিজওয়ানরা। পাকিস্তানে ম্যাচটি প্রচার করা পিটিভি সাক্ষাৎকারটি স্বাভাবিকভাবেই প্রচার করেনি। ক্রিকইনফো এও জানিয়েছে, বিষয়টি নিয়ে স্কাই স্পোর্টসের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে পিসিবি। যদিও এখনো কোনো জবাব দেয়নি স্কাই স্পোর্টস।