ব্রুকের শচিন-লারা হওয়ার সামর্থ্য আছে: বয়কট

ইংল্যান্ড ক্রিকেট
শচিন টেন্ডুলকার, ব্রায়ান লারা ও হ্যারি ব্রুক
শচিন টেন্ডুলকার, ব্রায়ান লারা ও হ্যারি ব্রুক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাট ধরা হয় হ্যারি ব্রুককে। প্রতিভার ঝলক দেখিয়ে ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়কের দায়িত্ব নিয়েছেন তিনি। পাশাপাশি টেস্টের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন এই ব্যাটার। তার প্রতিভা নিয়ে সন্দেহ নেই কারো। ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার জিওফ বয়কট মনে করেন শচিন টেন্ডুলকার ও ব্রায়ান লারার মতো কিংবদন্তি হওয়ার সামর্থ্য আছে ব্রুকের।

যদিও টেস্ট ক্রিকেটে সেই প্রতিভা শতভাগ কাজে লাগাতে ব্রুককে আরও উন্নতি করা প্রয়োজন বলে মনে করেন তিনি। সেই আগ্রহ থেকেই টেস্টে ব্রুকের মনোযোগ বাড়াতে তার সঙ্গে কাজ করার প্রস্তাবও দিয়েছিলেন তিনি। তবে ব্রুকের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো সাড়া মেলেনি বলে জানিয়েছেন সাবেক এই ইংলিশ ক্রিকেটার।

সম্প্রতি ‘জিওফ বয়কট: অ্যান এক্সট্রাঅর্ডিনারি ইনিংস’ পডকাস্টে বয়কট বলেন, ‘গত বছর তার (ব্রুকের) চাচা আমার কাছে এসেছিলেন। তিনি জিজ্ঞেস করেছিলেন, আমি কি তার সঙ্গে কথা বলব? প্রথমে তিনি জানতে চেয়েছিলেন, ব্রুককে নিয়ে আমার কী মত। আমি তাকে ঠিক এ কথাই বলেছিলাম (শচিন-লারার মতো কিংবদন্তি হতে পারে)। তিনি বললেন, সত্যি? আমি বললাম, হ্যাঁ। এতটা প্রতিভা খুবই বিরল, বিশেষ কিছু।’

বয়কট আরও বলেন, ‘তিনি জিজ্ঞেস করেছিলেন, আমি কি তার সঙ্গে কথা বলব? আমি বলেছিলাম, তার কাছে গিয়ে কথা বলাটা আমার কাজ নয়। সে হয়তো আমাকে বলে বসতে পারে, আমার পরামর্শের প্রয়োজন নেই। তবে সে যদি আমার কাছে আসে, অবশ্যই আমি সাহায্য করব। কেন করব না? আমি আমার নম্বর দিয়েছিলাম, কিন্তু এরপর আর কোনো কথা হয়নি।’

টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে বর্তমানে বিশ্বের এক নম্বরে আছেন ব্রুক। তবে এই সংস্করণে এক বছরেরও বেশি সময় ধরে সেঞ্চুরি নেই তার ব্যাটে। যা চিন্তা বাড়াচ্ছে ইংল্যান্ডেরও। সর্বশেষ গত বছরের আগস্টে ভারতের বিপক্ষে ওভাল টেস্টে সেঞ্চুরি করেছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। বয়কট মনে করেন, ব্রুক এখনো নিজের সামর্থ্যের সর্বোচ্চটা দিতে পারছেন না।

সেই ধারণা থেকেই তিনি বলেছেন, ‘সে তার প্রতিভার সেরাটা পাচ্ছে না। আমি আগেও বলেছি, আবারও বলছি, আমি অনেক খেলোয়াড় দেখেছি। দীর্ঘ সময়ের মধ্যে এত প্রতিভাবান কাউকে দেখিনি। তার প্রতিভা অসাধারণ। তার টাইমিং, শট খেলার ক্ষমতা, লম্বা গড়ন সবই অসাধারণ। কিন্তু তার চিন্তাভাবনার ধরনটা অবিশ্বাস্য।’

আরো পড়ুন: