ক্যারিবীয় দ্বীপপুঞ্জকে নিজেদের ‘শক্ত ঘাটি’ বানাতে চান চেজ

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজ
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসে ভরপুর ওয়েস্ট ইন্ডিজ। রোববার পোর্ট অব স্পেনে শুরু হতে যাওয়া ম্যাচের আগে অধিনায়ক রস্টন চেজ জানিয়েছেন, দল এখন ঠিক সেই অবস্থানেই আছে, যেখানে পৌঁছানোর লক্ষ্য ছিল তাদের। একই সঙ্গে নিজেদের মাঠকে প্রতিপক্ষের জন্য কঠিন এক দুর্গে পরিণত করার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।

সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে ধারাবাহিক সাফল্য পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ও ২১৭ রানের বড় জয়ের পর দ্বিতীয় টেস্ট ড্র করে তারা। এরপর সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ৯০ রানে হারিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ জয় তুলে নেয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে না থাকলেও আরেকটি জয় পেলে পয়েন্ট তালিকায় ইংল্যান্ডকে টপকে সপ্তম স্থানে উঠে যাবে ক্যারিবীয়রা।

চেজ বলেন, 'গত বছরের হতাশাজনক সময়ের পর আমরা বসে পরিকল্পনা করেছিলাম, কোথায় পৌঁছাতে চাই। এখন আমরা ঠিক সেই জায়গাতেই আছি। তবে এখানেই থেমে থাকতে চাই না। দ্বিতীয় টেস্টে কোনো কিছুই সহজভাবে নেব না। যেসব পরিকল্পনা করেছি, সেগুলো মাঠে ঠিকভাবে বাস্তবায়ন করে আরেকটি জয় তুলে নিতে চাই।'

নিজেদের মাঠের সুবিধাকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর কথাও বলেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। তার ভাষায়, 'আমি চাই, আমাদের মাঠ আমাদের শক্ত ঘাঁটিতে পরিণত হোক। যেন ক্যারিবীয় অঞ্চলে এসে কোনো দলের জন্য জয় পাওয়া খুব কঠিন হয়ে যায়। এখানকার পরিস্থিতি আমরা প্রতিপক্ষের চেয়ে ভালো জানি। সেই সুবিধাটাই কাজে লাগাতে চাই এবং এখন পর্যন্ত আমরা সেটি ভালোভাবেই করতে পেরেছি।'

ওয়েস্ট ইন্ডিজের আত্মবিশ্বাস আরও বেড়েছে পাকিস্তানের সাম্প্রতিক পরিসংখ্যানে। নিজেদের দেশের বাইরে টানা আটটি টেস্টে হেরেছে সফরকারীরা। তবে দ্বিতীয় টেস্টের উইকেটে স্পিনারদের ভূমিকা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তাতে দুই দলই প্রয়োজনে অতিরিক্ত স্পিন বিকল্প ব্যবহার করার সুযোগ পাবে।

আঙুলের চোট নিয়ে প্রথম টেস্টে বল করতে না পারা চেজও আশাবাদী, দ্বিতীয় টেস্টে বোলিং করতে পারবেন। তিনি বলেন, 'আঙুলের অবস্থা আগের চেয়ে ভালো। আজ অনুশীলনে দুই ওভার বল করেছি। এখনও সামান্য ব্যথা আছে, তবে আশা করছি রোববার থেকে নিয়মিত চার থেকে পাঁচ ওভার বল করতে পারব।'

আরো পড়ুন: