আইএল টি-টোয়েন্টির গত আসরে দুবাইয়ের জার্সিতে বল হাতে বাজিমাত করেছিলেন মুস্তাফিজ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ব্যস্ততার কারণে মাঝপথেই সংযুক্ত আরব আমিরাত ছাড়তে হয় তাকে। বাংলাদেশে ফেরার আগে অবশ্য ৮ ম্যাচে ১৫.৫৩ গড় ও ৮.০৮ ইকনোমি রেটে নিয়েছিলেন ১৫ উইকেট।
২২ নভেম্বর পর্দা উঠবে আইএল টি-টোয়েন্টির আগামী আসরের। ফাইনাল হবে ২০ ডিসেম্বর। দুবাই, আবুধাবি ও শারজাহতে হতে যাওয়া টুর্নামেন্টে মুস্তাফিজ খেলবেন কিনা নিশ্চিত ছিল না। এমন অনিশ্চয়তার মাঝেই ৮ আগষ্ট রাতে মুস্তাফিজের ছবির অবয়ব ব্যবহার ফেসবুকে একটি ফটোকার্ড পোস্ট করে দুবাই।
ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে খেলোয়াড়ের নাম অনুমান করতে বলা হয়। বাঁহাতি পেসারকে চেনার জন্য দুবাই তাদের পোস্টের ক্যাপশনে লিখেছে, ‘সাউথ এশিয়ার এক বাঁহাতি বোলার যিনি ব্যাটারদের মনে ভয় ধরিয়ে দেন।’ ছবির অবয়ব দেখে বুঝতে বাকি ছিল না ছবিটি মুস্তাফিজের। তখন থেকেই ধারণা করা হচ্ছিল, বাঁহাতি এই পেসার হয়ত আবারও খেলবেন।
শেষ পর্যন্ত এমন গুঞ্জনই সত্যি হয়েছে। ফ্র্যাঞ্চাইজিটি আনুষ্ঠানিকভাবে না জানালেও বিশ্বস্ত একটি সূত্রের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে সরাসরি চুক্তিতে দুবাইয়ের হয়ে খেলবেন মুস্তাফিজ। তবে জাতীয় দলের ব্যস্ততার জন্য পুরো মৌসুমে খেলার এনওসি পেয়েছেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়। তবে কয়েকটি ম্যাচের জন্য আইএল টি-টোয়েন্টিতে যাবেন মুস্তাফিজ।