জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল ভারত

জিম্বাবুয়ে-ভারত সিরিজ
বিসিসিআই
বিসিসিআই
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৩৫ রানের জয় পেয়েছে ভারত। আর তাতেই স্বাগতিকদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের স্বাদ দিয়েছে সফরকারীরা। এই ম্যাচে আগে ব্যাট করে বৈভব সূর্যবংশীর ৮১ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৯২ রান করে ভারত। জবাবে খেলতে নেমে ১৫৭ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে।

ইংল্যান্ডের বিপক্ষে ৪-০ এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ হারার পর এটি ভারতের জন্য আত্মবিশ্বাস ফেরানোর একটি বড় সাফল্য। এদিন হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। ইনিংসের শুরুতেই মাত্র ২ রান করে আউট হন অভিষেক শর্মা। টানা ছয় ইনিংসেই ব্যর্থ হয়েছেন এই ওপেনার।

যদিও এক প্রান্ত আগলে রেখে দারুণ দায়িত্বশীল ব্যাটিং করেন সূর্যবংশী। শুরুতে ধীরগতিতে খেললেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ইনিংস বড় করেন তিনি। প্রথম ১০ বলে করেন ১১ রান, পরের ১০ বলে যোগ করেন আরও ১৫ রান। শেষ পর্যন্ত ৩১ বলে তুলে নেন নিজের দ্বিতীয় টি টোয়েন্টি হাফ সেঞ্চুরি।

৪৯ বলে ৮১ রানের ইনিংসে ৪টি ছক্কা ও ৮টি চারের মার মারেন সূর্যবংশী। তিনি ইশান কিষানের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৭৫ এবং শ্রেয়াস আইয়ারের সঙ্গে তৃতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়ে ভারতের বড় সংগ্রহের ভিত গড়ে দেন। ইশান করেন ২৯ এবং শ্রেয়াস ২৭ রান। সেঞ্চুরির খুব কাছে গিয়ে থামতে হয় সূর্যবংশীকে।

মাধেভেরের বলে লং অফে ব্র্যাড ইভান্সের দুর্দান্ত ক্যাচে বিদায় নেন তিনি। এরপর ভারতের মিডল অর্ডার ব্যাটাররা খুব বেশি রান তুলতে পারেননি। শেষ পাঁচ ওভারে আসে মাত্র ৪৭ রান। শেষদিকে ১৪ বলে ২৫ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে ২০০ রানের কাছাকাছি নিয়ে যান রিঙ্কু সিং। জিম্বাবুয়ের হয়ে একাই দুটি উইকেট নেন ইভান্স। আর একটি করে উইকেট তুলে নেন সিকান্দার রাজা, ব্লেসিং মুজারাবানি ও ওয়েসলি মাধেভেরে।

১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে জিম্বাবুয়ে। ইনিংসের প্রথম বলেই ব্রায়ান বেনেটকে ফিরিয়ে দেন মায়াঙ্ক যাদব। এরপর চতুর্থ ওভারে পরপর দুই বলে ডিয়ন মায়ার্স ও অধিনায়করাজাকে আউট করে ম্যাচ পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে নিয়ে যান ইয়াশ ঠাকুর। তখন জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৩৪ রান।

মাঝে রায়ান বার্ল প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলেন তিনি। ওয়েসলি মাধেভেরের সঙ্গে পঞ্চম উইকেটে যোগ করেন ৬০ রান। তবে শুরুর ধাক্কা আর সামাল দিতে পারেনি স্বাগতিকরা। ভারতীয় ফিল্ডাররা চারটি ক্যাচ ফেললেও জিম্বাবুয়ের ব্যাটাররা সেটির পুরো সুবিধা নিতে পারেননি। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৫৭ রানেই থামে তাদের ইনিংস। ভারতের হয়ে মায়াঙ্ক যাদব ৩ উইকেট নেন ২৯ রানে। ইয়াশ ঠাকুর শিকার করেন ২ উইকেট।

আরো পড়ুন: