স্টোকস ফিরলে অ্যাশেজ হবে ‘রূপকথা’: ম্যাকডোনাল্ড

অ্যাশেজ
বেন স্টোকস ও অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, ফাইল্ম ফটো
বেন স্টোকস ও অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, ফাইল্ম ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইংল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক বেন স্টোকস যদি অবসর ভেঙে ২০২৭ সালের অ্যাশেজে খেলতে ফেরেন, তাহলে সেটি হবে ‘রূপকথার গল্প’,এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তার বিশ্বাস, স্টোকসের মতো একজন ক্রিকেটারের ফেরা অ্যাশেজের আকর্ষণ আরও বাড়িয়ে দেবে।

২০২৭ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে পরবর্তী অ্যাশেজ সিরিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ শেষে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান স্টোকস। ওই সিরিজেই স্টোকস ও ব্রেন্ডন ম্যাককালামের অধীনে প্রথমবারের মতো নিজেদের মাঠে সিরিজ হারে ইংল্যান্ড।

ম্যাকডোনাল্ড বলেন, 'রূপকথার গল্প হবে যদি সে অবসর ভেঙে আরেকটি অ্যাশেজ খেলতে ফিরে আসে। এতে সিরিজ ঘিরে দারুণ উত্তেজনা তৈরি হবে। অ্যাশেজকে আরও আকর্ষণীয় করতে চাইলে এটিই হবে সবচেয়ে বড় গল্প।'

স্টোকসের অবসরের আগে বিতর্কও কম হয়নি। নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট জয়ের পর গভীর রাতে একটি বারে ঘটে যাওয়া এক ঘটনার জেরে দ্বিতীয় টেস্টে নিষিদ্ধ হন তিনি। যদিও ওই ঘটনায় তিনি সরাসরি জড়িত ছিলেন না, তবে সতীর্থ গাস অ্যাটকিনসনের সঙ্গে দলের নির্ধারিত কারফিউ ভেঙে বাইরে যাওয়ায় শাস্তি পান। শেষ টেস্টে দলে ফিরে সতীর্থদের কাছে ক্ষমা চান স্টোকস এবং সেই ম্যাচের মধ্যেই টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন। পরে তাকে সিদ্ধান্ত বদলাতে রাজি করানোর চেষ্টা করলেও সফল হননি তৎকালীন কোচ ব্রেন্ডন ম্যাককালাম।

ম্যাকডোনাল্ডের বিশ্বাস, নতুন কোচ চাইলে স্টোকসকে আবারও ফেরার জন্য রাজি করানোর চেষ্টা করতে পারেন। এখনো স্টোকসের আন্তর্জাতিক ক্রিকেটকে আরো অনেক কিছু দেবার আছে বলেও মনে করেন অজিদের প্রধান কোচ।

তিনি বলেন, 'আমার মনে হয়, তার এখনও অনেক ভালো ক্রিকেট বাকি আছে। কেন সে অবসর নিয়েছে, তার নির্দিষ্ট কারণ আমরা জানি না। হয়তো সে মনে করেছে টেস্ট ক্রিকেটের এখানেই ইতি। আবার নতুন কোচ চাইলে তাকে সিদ্ধান্ত বদলানোর জন্য রাজি করানোর চেষ্টা করতেই পারেন।'

তবে স্টোকস যদি আর না ফেরেন, তাহলেও তার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন ম্যাকডোনাল্ড। এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে স্টোকস যা করে দেখিয়েছেন তাতে ভবিষ্যতে তার ক্যারিয়ারকে আরও বেশি মূল্যায়ন করা হবে বলেও মনে করেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'যদি এটাই শেষ হয়ে থাকে, তাহলে সে অসাধারণ একটি ক্যারিয়ার উপহার দিয়েছে। অনেক স্মরণীয় ইনিংস ও গুরুত্বপূর্ণ মুহূর্তে সে ম্যাচের গতিপথ বদলে দিয়েছে। সময়ের সঙ্গে তার ক্যারিয়ারের মূল্য আরও বেড়েই যাবে।'

আরো পড়ুন: