জিম্বাবুয়েকে হারাতে টানা ৬ হার থেকে শিক্ষা নেবে ভারত

জিম্বাবুয়ে-ভারত সিরিজ
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বিশ্বকাপ জয়ের পর ভারতীয় টি-টোয়েন্টি দলের ছন্দ যেন হারিয়েই গেছে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে বিশ্বকাপ জয়ের পর তাকে সরিয়ে অধিনায়ক করা হয় শ্রেয়াস আইয়ারকে। কিন্তু নেতৃত্ব বদলের পর থেকে সাফল্যের মুখ দেখেনি ভারত। প্রথমে আয়ারল্যান্ডের কাছে ইতিহাসে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ হার, এরপর ইংল্যান্ডের বিপক্ষেও সিরিজ পরাজয়। টানা হতাশার পর এবার জিম্বাবুয়ের বিপক্ষে নতুন শুরুর প্রত্যাশায় ভারত, আর সেই লক্ষ্যেই ইংল্যান্ড সফরের শিক্ষা কাজে লাগানোর কথা বলছেন অধিনায়ক আইয়ার।

আয়ারল্যান্ড -ইংল্যান্ড সফরে টানা ৬ ম্যাচ হেরেছে আইয়ারের দল। আইপিএলের তারকারা রীতিমতো নিষ্প্রভ জাতীয় দলের জার্সিতে। কিন্তু সেই দুই সিরিজের অভিজ্ঞতা ভবিষ্যতে ভারতের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিশ্বাস আইয়ারের। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে তিনি বলেছেন, দ্রুত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াই হবে সাফল্যের মূল চাবিকাঠি।

সিরিজের প্রথম ম্যাচের আগে আইয়ার বলেন, ‘ইংল্যান্ডে আমাদের সময়টা কঠিন ছিল, এতে কোনো সন্দেহ নেই। তবে সেখান থেকে অনেক ইতিবাচক দিকও পেয়েছি। দল হিসেবে সামনে এগোতে হলে কীভাবে খেলতে হবে, মাঠে কতটা সচেতন থাকতে হবে এবং কত দ্রুত মানিয়ে নিতে হবে, এসব বিষয় আমরা শিখেছি। দলের অনেকেই এখানে প্রথমবার খেলছে। তাই যত দ্রুত মানিয়ে নিতে পারব, তত ভালো ফল পাব।’

ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে পরাজয়ের পর দল আরও ঐক্যবদ্ধ হয়েছে বলেও মনে করেন আইয়ার। তিনি বলেন, ‘ফল আমাদের পক্ষে আসেনি। তবে এতে আমরা একে অপরের আরও কাছাকাছি এসেছি। দল হিসেবে কীভাবে খেলব, বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে কীভাবে এগোব এসব নিয়ে অনেক আলোচনা করেছি।’

বিদেশের মাটিতে টানা তিনটি সিরিজ খেলাকে মূল্যবান অভিজ্ঞতা হিসেবে দেখছেন ভারতীয় অধিনায়ক। কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে করতেই নিজেদের চেনা ফর্মে ফিরে আসতে পারবে ভারত, এমনটাই বিশ্বাস তার।

এ প্রসঙ্গে আইয়ার বলেন, ‘ভারতের বাইরে টানা তিনটি সিরিজ খেলেছি। এমন সুযোগ বারবার আসে না। এটি আমাদের জন্য কঠিন সময়, তবে যত দ্রুত এই সময় পার হতে পারব, ততই ভালো দল হয়ে উঠব এবং ফলও আসবে।'

ব্যস্ত সূচির কারণে বিশ্রামের সুযোগ খুব কম মিলছে বলেও জানান আইয়ার। তিনি বলেন, ‘মিথ্যা বলব না, এটা অবশ্যই কঠিন। আমরা গতকাল এসেছি, আজ অনুশীলন, আর আগামীকালই ম্যাচ। তবে এটাও উপভোগ করছি। এমন পরিস্থিতিতে ভালো খেলতে পারলে নিজের কাছেও ভালো লাগবে, প্রশংসাও পাওয়া যাবে।’

আয়ারল্যান্ড সফরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার দ্রুত মানিয়ে নেওয়ার ওপর জোর দেন তিনি। অধিনায়ক হিসেবে প্রথম ছয়টি সম্পূর্ণ ম্যাচেই হেরেছেন আইয়ার। তবে খেলোয়াড়দের ব্যর্থতার ভয় কাটিয়ে উঠতে হবে বলেই মনে করেন তিনি।

আইয়ার বলেন, ‘আয়ারল্যান্ডে আমরা বাস্তবতার মুখোমুখি হয়েছিলাম। এখানে শুরু থেকেই সচেতন থাকতে হবে এবং পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। তাহলে ফল আমাদের পক্ষেই আসবে। টি-টোয়েন্টি সিরিজের পর তারা অনুশীলনের ভালো সময় পেয়েছে। কোথায় ভুল হয়েছিল, সেটা নিশ্চয়ই শুধরে নিয়েছে। প্রয়োজনে আমি মাঠে গিয়ে তাদের সঙ্গে কথা বলব।’

আইয়ার আরো যোগ করেন, ‘আমি মনে করি না, খেলোয়াড়দের ব্যর্থতাকে ভয় পাওয়া উচিত। ভয় থাকলে আপনি নিজের খেলাটা খেলতে পারবেন না। ভয় না থাকলে নিজের সেরাটা বের করে আনা সম্ভব। বাইরের মানুষ কী বলছে বা একটি সিরিজ কেমন গেল, তা নিয়ে বেশি ভাবার দরকার নেই। আমাদের বর্তমানেই মনোযোগ দিতে হবে।’

আগামী ২৩ জুলাই থেকে হারারে স্পোর্টস ক্লাবে শুরু হবে ভারত-জিম্বাবুয়ের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।:::

আরো পড়ুন: