জিতে যাওয়া ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জরিমানা

ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড সিরিজ
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে স্লো ওভার গতির কারণে শাস্তির মুখে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করায় দলটির খেলোয়াড়দের ম্যাচ ফি'র পাঁচ শতাংশ জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বুধবার এক বিবৃতিতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা জানায়, শেষ ম্যাচে শাই হোপের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণসংখ্যক ওভার শেষ করতে পারেনি। ফলে আচরণবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

আচরণবিধিতে বলা আছে, কোনো দল নির্ধারিত সময়ের মধ্যে ওভার সম্পন্ন করতে ব্যর্থ হলে প্রতি ওভার ঘাটতির জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি'র পাঁচ শতাংশ কেটে নেয়া হয়। ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে এক ওভার কম হওয়ায় সেই নিয়মই কার্যকর হয়েছে।

ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের দেয়া এই শাস্তি মেনে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হোপ। তিনি অপরাধ স্বীকার করায় এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

মঙ্গলবার অনুষ্ঠিত ধারাবাহিকের পঞ্চম ও শেষ ম্যাচে ২৬৮ রানের লক্ষ্য তাড়া করে দুই উইকেটের জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। শিমরন হেটমায়ারের দায়িত্বশীল ইনিংসে ১৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।

তবে এই জয়েও সিরিজের ফল বদলায়নি। প্রথম ম্যাচ জয়ের পর টানা তিনটিতে হেরে আগেই সিরিজ খুইয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচে জয় পেলেও শাস্তির কারণে দিনটি পুরোপুরি স্বস্তির হয়নি তাদের।

আরো পড়ুন: