বিদেশে টানা দুটি সিরিজ হেরে যা বলছেন আইয়ার

ইংল্যান্ড-ভারত সিরিজ
শ্রেয়াস আইয়ার, ফাইল ফটো
শ্রেয়াস আইয়ার, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারতের টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের শুরুটা মোটেও ভালো হয়নি। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ হারের পর এবার ইংল্যান্ডের কাছেও হোয়াইটওয়াশ হয়েছে ভারত। নতুন অধিনায়ক হিসেবে প্রথম ছয় ম্যাচেই পরাজয়ের মুখ দেখেছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত না হলে পরাজয়ের সংখ্যা আরও বাড়তে পারত।

সিরিজ শেষে নিজেদের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন আইয়ার। তার মতে, বিদেশের ভিন্ন কন্ডিশনে দ্রুত মানিয়ে নিতে না পারায় দলকে মূল্য দিতে হয়েছে। একই সঙ্গে ব্যাটিং, ফিল্ডিং এবং ম্যাচ পরিস্থিতি বোঝার ক্ষেত্রে বেশ কিছু ঘাটতির কথাও তুলে ধরেছেন ভারতের অধিনায়ক।

আইয়ার বলেন, 'সত্যি বলতে, এই ধরনের পরিবেশে কীভাবে খেলতে হয়, কতটা মনোযোগ রাখতে হয় এবং কীভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়, সেটা আমরা শিখেছি। এই উইকেটটা খুব ভালো ছিল। আমাদের আরও ভালোভাবে মানিয়ে নেওয়া উচিত ছিল। প্রতিটি ম্যাচেই পরিবেশ বদলেছে। কিন্তু পেশাদার ক্রিকেটার হিসেবে দ্রুত শিক্ষা নিতে হবে।'

ফিল্ডিং নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। আইয়ারের ভাষায়, 'নিজেদের মধ্যে বোঝাপড়া আরও ভালো হতে পারত। ফিল্ডিং ভালো না হলে জেতা যায় না। আমরা বেশ কয়েকটি ক্যাচ ফেলেছি। বিদেশের মাঠের আকারও আলাদা, সেটার সঙ্গে যত দ্রুত মানিয়ে নেওয়া যাবে, ততই ভালো।'

ব্যাটিং পরিকল্পনার ব্যর্থতার কথাও স্বীকার করেছেন ভারতের অধিনায়ক। তার মতে, ভালো উইকেটে আরও দায়িত্বশীল ব্যাটিং করা উচিত ছিল। পাশাপাশি শুরুতেই ঝুঁকিপূর্ণ শট খেলার কারণে দল চাপে পড়েছে। আইয়ার বলেন, 'এই উইকেটে প্রতিটি বলে বড় শট খেলতে যাওয়া ঠিক নয়। বল বুঝে খেলতে হবে, জুটি গড়তে হবে। কিন্তু আমরা প্রথম বল থেকেই বড় শট খেলতে গিয়েছি। তারপরও এই সিরিজ থেকে অনেক কিছু শিখেছি, সেটাই সবচেয়ে বড় বিষয়।'

তবে বারবার ‘শিক্ষা’ নেওয়ার কথা বললেও ফলাফলে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। কয়েক মাস আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের বেশ কয়েকজন ক্রিকেটার এই সিরিজেও ছিলেন। এরপরও একই ধরনের ভুলের পুনরাবৃত্তি ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

অধিনায়ক হিসেবে শুরুতেই তাই চাপের মুখে পড়েছেন আইয়ার। তার পূর্বসূরি সূর্যকুমার যাদব অধিনায়কত্বে কোনো সিরিজ হারেননি; বরং এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন দলকে। ফলে ধারাবাহিক ব্যর্থতার পর আইয়ারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরো পড়ুন: