সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ধারাবাহিক উন্নতি, বিশেষ করে নাহিদ রানা-তাসকিন আহমেদদের মতো গতিতারকাদের পারফরম্যান্স প্রতিপক্ষদের ভাবিয়ে তুলছে। বাংলাদেশের গতি আক্রমণও এখন দলের অন্যতম বড় শক্তি। নাহিদ নিয়মিত গতির ঝড় তুলছেন।
তাসকিন ও শরিফুল ইসলামও পাঁচ দিনের ক্রিকেটে নিজেদের কার্যকারিতা প্রমাণ করেছেন। ছন্দে থাকলে ইবাদত হোসেনও যেকোনো প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারেন। সেই বাস্তবতাই সামনে এনে মার্করাম জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে কোনোভাবেই আত্মতুষ্টির সুযোগ নেই।
মার্করাম বলেন, 'অবশ্যই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে আমাদের খেলা রয়েছে। তবে বাংলাদেশের দলটির দিকেও তাকান। তারা ক্ষুধার্ত বাঘ। গতিতারকাদের নিয়ে তারা যেভাবে উন্নতি করেছে, তাতে তাদের কোনোভাবেই সহজ প্রতিপক্ষ বলা যাবে না।'
সাউথ আফ্রিকার এই অধিনায়ক আরও বলেন, 'বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর নিজেদের মাঠে সমর্থকদের সামনে পাঁচ দিনের ক্রিকেট খেলতে না পারাটা আক্ষেপের ছিল। আবার সমর্থকদের সামনে মাঠে নামতে পারাটা দারুণ অনুভূতি হবে। শুধু তাই নয়, শক্তিশালী কয়েকটি দলের বিপক্ষেই আমরা খেলব।'
মার্করামের সতর্কতার পেছনে সাম্প্রতিক ফলও রয়েছে। জিম্বাবুয়ে সিরিজ বাদ দিলে দেশের মাঠে সর্বশেষ চারটি এক দিনের সিরিজেই জয় পেয়েছে বাংলাদেশ। এই সময়ে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারানোর পাশাপাশি পাকিস্তানকে পাঁচ দিনের সিরিজেও ধবলধোলাই করেছে তারা।