কার্ডিফে ২৩৪ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই বিপদে পড়ে ইংল্যান্ড। প্রথম বলেই বিদায় নেন বেন ডাকেট। এরপর ৫৩ রানের মধ্যেই তিন উইকেট হারায় দলটি। একপর্যায়ে ১২৫ রানে পাঁচ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে স্বাগতিকরা। সেই পরিস্থিতি থেকে দলকে জয়ের পথে নিয়ে যান রুট। তিনি অপরাজিত থাকেন ৯৯ রানে।
নিজের শতরান পূর্ণ করার জন্য কয়েকবার আক্রমণের সুযোগ পেলেও স্ট্রাইক ধরে রাখতে পারেননি রুট। তার সঙ্গে জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন গাস অ্যাটকিনসন। জয়ের জন্য শেষ তিন রান প্রয়োজন হলে প্রসিধ কৃষ্ণার বলে পুল করে চার মেরে ম্যাচ শেষ করেন অ্যাটকিনসন। এরপর দৌড়ে গিয়ে সতীর্থকে জড়িয়ে ধরেন রুট।
ম্যাচ শেষে রুট বলেন, 'দলের জয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। খেলার মূল বিষয়ই তো এটি। সিরিজে ১-১ সমতা নিয়ে লর্ডসে (সিরিজের শেষ ম্যাচে) যেতে পারছি, এটিই বড় ব্যাপার। এই ধরনের কন্ডিশনে, এই পিচে শেষ পর্যন্ত টিকে থাকতে পারা ও কাজটা সম্পন্ন করতে পারা, এসবই সম্ভবত ক্রিকেটে সবচেয়ে সেরা অনুভূতি।'
ইংল্যান্ডের হয়ে এক দিনের ক্রিকেটে সর্বোচ্চ ২০টি শতরানের মালিক রুট এবার ৯৯ রানে অপরাজিত থাকা প্রথম ইংলিশ ব্যাটার হয়েছেন। এক দিনের ক্রিকেটে এর আগে ৯০ ও ৯১ রানে অপরাজিত ছিলেন রুট। এছাড়া ৯৩ রানে আউট হওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার।
তিনি আরো বলেন, 'আমি কয়েকবার আউট হয়েছি (নব্বইয়ে)… মজার ব্যাপারই বটে, কিন্তু না…. যেমনটি বললাম, এসবের (সেঞ্চুরি) জন্য তো আমরা খেলি না। খেলা হয় ম্যাচ জেতার জন্য। এই জয়ে সিরিজটা এখন বেশ জমে উঠেছে, যা আমরা আজকের শুরুতে চেয়েছিলাম। এখন লর্ডসের বড় ম্যাচটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।'