ফাইনালে ভারতের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা খুইয়েছে নিউজিল্যান্ড। বিশ্বকাপ থেকে ফিরেও বসে থাকার সময় পাচ্ছেন না মিচেল স্যান্টনাররা। ১৫ মার্চ থেকে ঘরের মাঠে সাউথ আফ্রিকার সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন তারা। সিরিজের শেষ টি-টোয়েন্টি হবে ২৫ মার্চ। এদিকে ২৬ মার্চ থেকে পর্দা উঠছে পিএসএলের আগামী আসরের। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে ইসলামাবাদ ইউনাইটের প্রধান কোচ হিসেবে কাজ করবেন রঙ্কি।
একই ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচের দায়িত্বে ওরাম। টুর্নামেন্টের আগে দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিতে সাউথ আফ্রিকা সিরিজ থেকে ছুটি নিয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ রঙ্কি ও বোলিং কোচ ওরাম। একই চিত্র বাংলাদেশ সফরেও। পিএসএলের সময়ই তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে কিউইরা। ১৭ এপ্রিল থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
৫০ ওভারের ক্রিকেটের পরের দুই ম্যাচ হবে ২০ ও ২৩ এপ্রিল। পরবর্তীতে ২৭ ও ২৯ এপ্রিল এবং ২ মে হবে টি-টোয়েন্টি সিরিজ। পিএসএলে ইসলামাবাদের সঙ্গে কাজ করতে দুই সিরিজ থেকেই ছুটি নিয়েছেন রঙ্কি ও ওরাম। তাদের দুজনের এমন সিদ্ধান্তকে অবশ্য ইতিবাচক হিসেবেই দেখছে নিউজিল্যান্ড। বোর্ডের হাই পারফরম্যান্স ম্যানেজার মাইক স্যান্ডলি মনে করেন, তাদের এমন অভিজ্ঞতা ভবিষ্যতে নিউজিল্যান্ডের ক্রিকেটে কাজে দেবে।
এ প্রসঙ্গে মাইক বলেন, ‘নিউজিল্যান্ডের ক্রিকেট পরিবেশের বাইরে কোচিংয়ের অভিজ্ঞতা ও দক্ষতা বাড়ানোর জন্য লুক (রঙ্কি) ও জেইকের (জ্যাকব ওরাম) জন্য দারুণ একটা সুযোগ। আমাদের খেলোয়াড়দের মতো আমাদের কোচদেরও বিশ্বজুড়ে চাহিদা রয়েছে। আমরা বিশ্বাস করি পিএসএলের মাধ্যমে লুক ও জেইক শুধু ব্যক্তিগতভাবে লাভবান হবে না। বরং তাদের জ্ঞান ভবিষ্যতে ব্ল্যাকক্যাপস ও এনজেডসির জন্য সাহায্য করবে।’
সাউথ আফ্রিকা সিরিজের সময় রঙ্কি ও ওরামের জায়গায় নিউজিল্যান্ডের কোচিং প্যানেলে যুক্ত হচ্ছেন ওয়েলিংটন কোচ জনি ব্যাসেট গ্রাহাম ও এনজেডসি নেটওয়ার্ক কোচ গ্রায়েম আলড্রিস। বাংলাদেশ সফরে অবশ্য রব ওয়াল্টারের সহযোগী হিসেবে থাকবেন ক্যান্টাবুরির কোচ ব্রেন্ডন ডনকার্স।