চআগামী সপ্তাহ থেকে ১৪ দিনের জন্য আয়ারল্যান্ড পুরুষ দলের সঙ্গে কাজ করবেন ট্রট। এই সময়ে তিনি আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রস্তুতিতে দলকে সহায়তা করবেন। পাশাপাশি সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতেও ম্যাচডে পরামর্শকের দায়িত্ব পালন করবেন। ট্রটের দীর্ঘদিন আফগানিস্তানের প্রধান কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা এই সিরিজে আইরিশদের দারুণ সাহায্য করবে বলে মনে করছে ক্রিকেট আয়ারল্যন্ড।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব ছাড়েন ট্রট। তার অধীনে আফগানিস্তান ইতিহাসে প্রথমবারের মতো ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল, যা দেশটির ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অর্জন।
আগামী ৫ আগস্ট থেকে ব্রেডিতে শুরু হবে আয়ারল্যান্ড-আফগানিস্তান পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। ক্রিকেট আয়ারল্যান্ডের হাই পারফরম্যান্স পরিচালক গ্রেম ওয়েস্ট মনে করেন, ট্রটের অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ওয়েস্ট বলেন, ‘বিশ্বমানের একজন কোচকে সিনিয়র দলের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া সত্যিই বিরল। প্রতিপক্ষ সম্পর্কে তার সাম্প্রতিক অভিজ্ঞতা আমাদের জন্য অনেক মূল্যবান হবে।’
তিনি আরও বলেন, ‘আফগানিস্তান দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকায় এই সিরিজের কৌশলগত পরিকল্পনায় জোনাথন ট্রট আদর্শ ব্যক্তি। তিনি আমাদের খেলোয়াড় ও কোচিং স্টাফকে নতুন দৃষ্টিভঙ্গি দেবেন এবং ৫০ ওভারের ক্রিকেট সম্পর্কে তাদের দক্ষতা, জ্ঞান ও বোঝাপড়া আরও সমৃদ্ধ করবেন।’
ক্রিকেট আয়ারল্যান্ডের বিশ্বাস, এই নিয়োগ শুধু আফগানিস্তান সিরিজেই নয়, ২০২৭ সালের শুরুতে অনুষ্ঠিতব্য আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতিতেও দলকে সহায়তা করবে।
আয়ারল্যান্ড-আফগানিস্তান ওয়ানডে সিরিজের সূচি:
১ম ওয়ানডে: ৫ আগস্ট, ব্রেডি
২য় ওয়ানডে: ৭ আগস্ট, ব্রেডি
৩য় ওয়ানডে: ১০ আগস্ট, স্টর্মন্ট
৪র্থ ওয়ানডে: ১২ আগস্ট, স্টর্মন্ট
৫ম ওয়ানডে: ১৫ আগস্ট, স্টর্মন্ট