২০২২ সালের মাঝামাঝি দায়িত্ব নেয়ার পর ধীরে ধীরে দলকে নতুন কাঠামোয় গড়ে তোলেন ট্রট। কৌশলগত পরিকল্পনা, ফিটনেস ও মানসিক দৃঢ়তায় উন্নতি আসে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে একাধিক বড় দলকে হারানো এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ওঠা, এই সময়ের সবচেয়ে বড় অর্জন।
চেন্নাইয়ে কানাডার বিপক্ষে শেষ ম্যাচের আগে রশিদ বলেন, 'আগামীকালের ম্যাচটিই আমাদের সঙ্গে জনাথন ট্রটের শেষ ম্যাচ। তার সঙ্গে অনেক স্মরণীয় সফর ও ম্যাচ কেটেছে। আফগানিস্তান ক্রিকেট এখন যে জায়গায় আছে, তার কৃতিত্ব তার।'
রশিদ আরও বলেন, 'তিনি প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে আলাদাভাবে কাজ করেছেন। দলকে সঠিক পথে এগিয়ে নিতে বড় ভূমিকা ছিল তার। আমরা তাকে মিস করব।'
গত বছরই বোর্ড জানিয়ে দেয়, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই শেষ হবে ট্রটের মেয়াদ। গ্রুপ পর্ব পেরোতে না পারলেও শেষ ম্যাচটি দলটির জন্য বিশেষ হয়ে উঠেছে কোচের বিদায়ের কারণে। কয়েক বছরের ধারাবাহিকতায় আফগানিস্তান এখন বড় আসরে প্রতিদ্বন্দ্বিতা করতে অভ্যস্ত।
দ্বিপাক্ষিক সিরিজগুলোতেও উন্নতি চোখে পড়েছে এই সময়ে। ফলে ট্রটের বিদায় আফগান ক্রিকেটের জন্য একটি পরিবর্তনের মুহূর্ত। নতুন অধ্যায় শুরু হলেও সাম্প্রতিক সাফল্যের ভিত্তিটা গড়ে দেয়ার সময়টা স্মরণীয় হয়ে থাকবে।