ভারতের বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন কার্স

ইংল্যান্ড-ভারত সিরিজ
ব্রাইডন কার্স, ফাইল ফটো
ব্রাইডন কার্স, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারতের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচের জন্য দলে ফিরেছেন ইংল্যান্ডের পেসার ব্রাইডন কার্স। মঙ্গলবার (১৪ জুলাই) এজবাস্টনে প্রথম ওয়ানডে চলাকালীন তার দলে ফেরার বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

৩০ বছর বয়সী এই ডানহাতি পেসার চলতি বছরের শুরুতে সিডনিতে অনুষ্ঠিত অ্যাশেজ সিরিজে সর্বশেষ ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন। আর ওয়ানডেতে তার সর্বশেষ ম্যাচ ছিল ২০২৫ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে।

২০২৬ আইপিএল শুরুর আগে সানরাইজার্স হায়দরাবাদের নেট অনুশীলনে ব্যাটিং করার সময় কবজি ও কনুইয়ে চোট পান কার্স। সেই চোটের কারণে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হয় তাকে।

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে তার প্রস্তুতি যাচাই করতে ভিটালিটি ব্লাস্টে ডারহামের হয়ে তিনটি ম্যাচ খেলানো হয়। সেখানে তার পারফরম্যান্স পর্যবেক্ষণের পরই তাকে আবার ওয়ানডে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ৩০টি ওয়ানডে খেলেছেন তিনি, নিয়েছেন ৩৪টি উইকেট। সম্পূর্ণ ফিট হয়ে ওঠায় সিরিজের বাকি দুই ম্যাচের জন্য এখন নির্বাচনের বিবেচনায় থাকবেন এই পেসার। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৬ জুলাই কার্ডিফে, আর শেষ ম্যাচ ১৯ জুলাই ঐতিহাসিক লর্ডসে।

ভারতের বিপক্ষে বাকি দুই ওয়ানডের জন্য ইংল্যান্ড দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, জেমস কোলস, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, আদিল রশিদ, জো রুট ও জশ টাং।

আরো পড়ুন: