ভারতের টি-টোয়েন্টি দলে পরাগ-পাতিদারকে চান ইরফান

ভারতীয় ক্রিকেট
বিসিসিআই
বিসিসিআই
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টি-টোয়েন্টি ক্রিকেটে অপ্রতিরোধ্য হয়ে ওঠা ভারত আচমকা যেন নিজেদের হারিয়ে খুঁজছে। আয়ারল্যান্ডের পর ইংল্যান্ডের বিপক্ষে ধরাশায়ী হয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। টানা দুই সিরিজ হারের পর ভারতের দলে পরিবর্তন চান ইরফান পাঠান। বাঁহাতি ব্যাটারের সংখ্যা বেড়ে যাওয়ায় ভারতের টি-টোয়েন্টি দলে রজত পাতিদার ও রিয়ান পরাগকে দলে চান সাবেক এই ক্রিকেটার।

সাম্প্রতিক সময়ে দল হিসেবে একেবারেই ভালো করতে পারছে না ভারত। আইপিএল শেষ করেই আয়ারল্যান্ড সফর করেন শ্রেয়াস আইয়াররা। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে তারা। ঘুরে দাঁড়াতে পারেনি ইংল্যান্ড সফরেও। প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পরের চার ম্যাচের সবকটিতে হেরেছে ভারত। সফরকারীদের ৪-০ ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে উঠতে যাচ্ছে ইংলিশরা।

টানা দুই সিরিজ হারের পর সাবেক ক্রিকেটাররা সমস্যা খুঁজে বের করার চেষ্টা করছেন। ইরফান মনে করেন, দলে বাঁহাতি ব্যাটার থাকার কারণে প্রতিপক্ষের পরিকল্পনা সাজাতে সহজ হচ্ছে। বর্তমানে টপ অর্ডারে ব্যাটিং করছেন অভিষেক শর্মা, ইশান কিশান ও বৈভব সূর্যবংশী। একমাত্র ডানহাতি ব্যাটার হিসেবে আছেন সাঞ্জু স্যামসন। পরবর্তীতে ব্যাটিং করেন আইয়ার, শিভাম ‍দুবে, তিলক ভার্মা ও অক্ষর প্যাটেল।

এজন্য আইপিএলে আলো ছড়ানো পাতিদারকে ভারতের টি-টোয়েন্টি দলে চান ইরফান। সবশেষ আইপিএলে অধিনায়ক হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে শিরোপা জিতিয়েছেন পাতিদার। পুরো টুর্নামেন্টে পৌনে দুইশ স্ট্রাইক রেটে ব্যাটিং করার পাশাপাশি নক আউটে করেছিলেন সেঞ্চুরিও। এ ছাড়া রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দেওয়া পরাগকেও দলে চান ইরফান।

ভারতের সাবেক ক্রিকেটার বলেন, ‘ভারতকে আরও বেশি ডানহাতি ব্যাটার তৈরি রাখতে হবে। দলে এমনিতেই অনেক বাঁহাতি ব্যাটার আছে। শীর্ষ সাতজনের সবাই যদি বাঁহাতি হয়, তবে ডানহাতি খুঁজে বের করে তাদের তৈরি করতেই হবে। আমি দেখতে চাই, সামনে রজত পাতিদার সুযোগ পান কি না। দ্বিতীয়ত, রিয়ান পরাগকে দেখতে চাই। সে একজন ডানহাতি ব্যাটার, আবার বোলিংও করতে পারে। ও যদি ঘরোয়া ক্রিকেট আর ‘এ’ দলের ম্যাচে ভালো করে, তবে ওকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত। সে ষষ্ঠ বোলার হিসেবে দুই ওভার বলও করতে পারবে।’

আইপিএলে মাতিয়ে ভারতের টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন সূর্যবংশী। আয়ারল্যান্ড সফরে অভিষেক না হলেও ইংল্যান্ডের বিপক্ষে ক্যাপ পেয়েছেন বাঁহাতি এই ওপেনার। তিন ম্যাচে খেলার সুযোগ পেলেও প্রত্যাশিতভাবে পারফর্ম করতে পারেননি। ব্যাট হাতে জ্বলে উঠতে না পারায় পঞ্চম টি-টোয়েন্টিতে একাদশ থেকে জায়গাও হারান তিনি। ইরফান মনে করেন, সূর্যবংশীর উপর আস্থা রাখা উচিত।

তিনি বলেন, ‘আমি এখনো মনে করি দলে যদি ৫-৬ জন নতুন ছেলে থাকে তবে তাদের আরও সময় দেওয়া উচিত। যেমন—বৈভব সূর্যবংশী। ভবিষ্যতে সে আন্তর্জাতিক ক্রিকেটে অনেক ভালো করবে, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। ভিন্ন কন্ডিশনেও সে রান পাবে। ওর বয়স মাত্র ১৫ বছর, ধীরে ধীরে শিখবে। ভারতের ক্রিকেটের উচিত ওর ওপর আস্থা রাখা এবং ধৈর্য ধরা।’

আরো পড়ুন: