লর্ডস টেস্টের পরই ক্রিকেটকে চিরবিদায় জানাবেন নাইট

ইংল্যান্ড ক্রিকেট
হিদার নাইট, ফাইল ফটো
হিদার নাইট, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইংল্যান্ড নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হিদার নাইট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ভারতের বিপক্ষে লর্ডসে চলমান ঐতিহাসিক নারী টেস্ট ম্যাচ শেষ হওয়ার পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন ২০১৭ বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

২০১০ সালে ইংল্যান্ডের হয়ে অভিষেক হওয়া নাইট দেশের হয়ে খেলেছেন মোট ৩২০টি ম্যাচ। সব ধরনের ক্রিকেট মিলিয়ে প্রায় আট হাজার রান করেছেন তিনি, যেখানে রয়েছে ছয়টি শতরান। নারী দলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটারও তিনি।

অবসর প্রসঙ্গে নাইট বলেন, 'ইংল্যান্ডের ক্রিকেটার হিসেবে যে পথ আমি চলতে পেরেছি, সেটার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং নিজেকে ভাগ্যবান মনে করি। বিদায় নেয়াটা কঠিন, কারণ দলের ড্রেসিংরুম ও সেখানে থাকা মানুষগুলো গত ১৬ বছর ধরে আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল। তাদের সঙ্গে পাওয়া স্মৃতি ও অভিজ্ঞতাগুলো আমাকে আজকের মানুষ হিসেবে গড়ে তুলেছে। তবে এই সিদ্ধান্ত নিয়ে আমি সন্তুষ্ট এবং সামনে কী আছে, তা নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত।'

ইংল্যান্ডের হয়ে নাইটের অন্যতম স্মরণীয় মুহূর্ত আসে ২০১৭ সালের বিশ্বকাপ ফাইনালে। লর্ডসে অনুষ্ঠিত সেই ম্যাচে তার নেতৃত্বেই ভারতকে হারিয়ে বিশ্বকাপ জয় করে ইংল্যান্ড। ২০১৬ সালে নেতৃত্ব পাওয়ার পর ২০২৫ সাল পর্যন্ত ১৯৯ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার অধীনে ইংল্যান্ড জয় পেয়েছে ১৩৪টি ম্যাচে।

তবে গত কয়েক বছরে চোটের সমস্যায় ভুগেছেন নাইট। ২০২৪-২৫ মৌসুমের অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে হারের পর অধিনায়কত্ব ছাড়েন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর লন্ডন স্পিরিট দলের মহাব্যবস্থাপক হিসেবে নতুন দায়িত্বে যোগ দেবেন এই ইংলিশ ক্রিকেটার।

নারী ক্রিকেটে নিজের দীর্ঘ যাত্রা নিয়ে নাইট বলেন, 'দল হিসেবে আমরা বছরের পর বছর সমর্থকদের সঙ্গে বিশেষ কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছি। যারা নারী ক্রিকেটকে ভালোবেসেছেন এবং সমর্থন দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এই দারুণ খেলাটাকে এগিয়ে যেতে দেখা আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য।'