মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে জন ক্যাম্পবেল দ্রুত ফিরলেও আকিম অগাস্টে ও কার্টি দ্বিতীয় উইকেটে ৬৪ রান যোগ করে ক্যারিবিয়ানদের ম্যাচে রাখেন। অগাস্টে ৩৮ রানে আউট হওয়ার পর শাই হোপকে নিয়ে তৃতীয় উইকেটে ১৩১ রানের জুটি গড়েন কার্টি।
১১২ বলে ৯৫ রান করে ফেরান কার্টি। অন্য প্রান্তে হোপ ৯২ বলে অপরাজিত ৮৭ রান করে রাদারফোর্ডকে সঙ্গে নিয়ে সহজেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে উইল ইয়ং ও হেনরি নিকোলসের ৮০ রানের ওপেনিং জুটিতে দারুণ শুরু পায় নিউজিল্যান্ড।
২৭ রান করা নিকোলসকে ফিরিয়ে প্রথম উইকেটের স্বাদ পান ভিটেল লস। এরপর গুড়াকেশ মোতি ৪৯ রানে ফেরান ইয়ংকে, আর লসের বলে স্টাম্পিং হয়ে ফেরেন মার্ক চ্যাপম্যান। তার ব্যাট থেকেও আসে ২৭ রান। এরপর ড্যারিল মিচেল ও টম লাথাম ৪৪ রানের জুটি গড়েন।
লাথাম মাত্র ২৫ রান করে আউট হলেও মাইকেল ব্রেসওয়েলকে নিয়ে ৬৫ রানের আরেকটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন মিচেল। টানা চতুর্থ ওয়ানডে ফিফটি তুলে নেয়া মিচেলের ৬৫ রানে ভর করে ৪৩ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২৩৪। তারা তখন ৩০০ রানের স্বপ্ন দেখছিল। তবে শেষ দিকে ইনিংসের মোড় ঘুরিয়ে দেন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা।
ব্রেসওয়েলকে ফিরিয়ে তৃতীয় উইকেট নেন লস। এরপর আলজারি জোসেফ শেষ পাঁচ উইকেটের চারটি তুলে নিয়ে নিউজিল্যান্ডকে ৪৯.৫ ওভারে ২৬৭ রানে অল আউট করে দেন। জোসেফ ৪১ রানে ৪টি এবং অভিষেক ম্যাচে লস ৫৪ রানে ৩টি উইকেট শিকার করেন।