আইপিএলের গত মৌসুমে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের স্ট্র্যাটিজিক এডভাইসর হিসেবে কাজ করেছিলেন উইলিয়ামসন। তখন থেকেই ধারণা করা হচ্ছিল, খেলোয়াড়ি জীবন শেষ করার পর কোচিংয়েই দেখা যাবে তাকে। শেষ পর্যন্ত সেই পথেই হাঁটলেন নিউজিল্যান্ডের সাবেক এই তারকা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে উইলিয়ামসনকে কোচ হিসেবে যুক্ত করার ঘোষণা দিয়েছে ম্যানচেস্টার সুপার জায়ান্টস। দ্য হান্ড্রেডের নতুন মৌসুম সামনে রেখে তাকে দলটির ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মালিক আরপিএসজি গ্রুপ সম্প্রতি দ্য হান্ড্রেডের ফ্র্যাঞ্চাইজি ম্যানচেস্টার অরিজিনালসের ৭০ শতাংশ মালিকানা কিনে নেয়। এরপর দলটির নাম পরিবর্তন করে রাখা হয় ম্যানচেস্টার সুপার জায়ান্টস।
আরপিএসজি গ্রুপের সঙ্গে উইলিয়ামসনের সম্পর্ক অবশ্য নতুন নয়। এসএ টোয়েন্টির দুই মৌসুমে ডারবানের সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন তিনি। তাই অবসরের পরও একই গ্রুপের অধীনে নতুন ভূমিকায় কাজ করাটা অনেকটাই প্রত্যাশিত ছিল।
ম্যানচেস্টার সুপার জায়ান্টসে উইলিয়ামসন কাজ করবেন প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে। আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসেও এই দায়িত্বে আছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনার। উইলিয়ামসনের মতো ল্যাঙ্গারেরও দ্য হান্ড্রেডে প্রথমবার কোচ হিসেবে কাজ করবেন। ২০২৫ মৌসুমে দলটির প্রধান কোচ ছিলেন সাইমন ক্যাটিচ।