ভারতকে ৭৬ রানে গুটিয়ে দিয়ে সিরিজে এগিয়ে ইংল্যান্ড

ইংল্যান্ড-ভারত সিরিজ
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
২০১ লক্ষ্য তাড়ায় ভারতের শুরুটা ছিল দারুণ। প্রথম ৯ বলেই আসে তিনটি ছক্কা। তবে সেই গতি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সফরকারীরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১১.৪ ওভারে মাত্র ৭৬ রানে গুটিয়ে যায় তারা। ফলে তৃতীয় টি-টোয়েন্টিতে ১২৫ রানের বড় জয় তুলে নিয়ে পাঁচ ম্যাচের সিরিজে আরও এগিয়ে গেল ইংল্যান্ড।

টি-টোয়েন্টি ক্রিকেটে এটি ভারতের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা গুটিয়ে গিয়েছিল ৭৪ রানে। একই সঙ্গে এই প্রথম একশ'র বেশি রানের ব্যবধানে হারল ভারত। এর আগে রানের হিসাবে তাদের সবচেয়ে বড় হার ছিল ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে (৮০ রানে)।

কিছুদিন আগেই আয়ারল্যান্ড সফরে টানা ১৬টি সিরিজ অপরাজিত থাকার রেকর্ড হারায় ভারত। সেখানে দুই ম্যাচেই পরাজয়ের পর ইংল্যান্ড সফরে প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। পরের দুই ম্যাচেও হেরে বসেছে শ্রেয়াস আইয়ারের দল। সিরিজ বাঁচিয়ে রাখতে এখন বাকি দুটি ম্যাচেই জিততে হবে তাদের।

টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতে খুব দ্রুত রান তুলতে পারেনি ইংল্যান্ড। তবে জস বাটলার ২১ বলে ৩৬ রান করে গতি বাড়িয়ে দেন। পরে ফিল সল্ট ধীর শুরুর পর দারুণভাবে ছন্দে ফেরেন। সাতটি চার ও তিনটি ছক্কায় ৪৪ বলে ৭০ রান করেন তিনি। শেষদিকে স্যাম কারান ২৪ বলে অপরাজিত ৪১ রান করলে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ২০০ রান তোলে স্বাগতিকরা।

ভারতের হয়ে প্রিন্স যাদব দুটি উইকেট নিয়ে বাটলার ও হ্যারি ব্রুককে ফিরিয়ে দিলেও মাঝের দিকে সল্ট ও কারানের জুটি ইংল্যান্ডকে শক্ত অবস্থানে নিয়ে যায়। শেষ দিকে উইল জ্যাকসের ১৪ রানের ছোট কিন্তু কার্যকর ইনিংসও দলীয় সংগ্রহ দুইশ পার করতে ভূমিকা রাখে।

জবাবে শুরুতেই বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা ও ইশান কিশান ছক্কা হাঁকিয়ে আক্রমণাত্মক বার্তা দিলেও এরপরই ভেঙে পড়ে ভারতের ব্যাটিং। নতুন বলে জফরা আর্চার ও জশ টাংয়ের গতির সামনে একের পর এক উইকেট হারায় সফরকারীরা। পাঁচ ওভারে ৫২ রানে পাঁচ উইকেট হারায় ভারত।

ভারতের কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। বৈভব সূর্যবংশী ও ইশান কিশানের ১৩ রানই ছিল ইনিংসের সর্বোচ্চ। তিলক ভার্মা, শিভম দুবে কিংবা পরের ব্যাটারদের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। বল হাতে আর্চার ২৯ রানে তিনটি এবং টাং ২৮ রানে চারটি উইকেট নিয়ে ভারতের ব্যাটিং গুঁড়িয়ে দেন। আর্চার নির্বাচিত হন ম্যাচসেরা।

ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ ১৪ রানে দুটি উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। তার উইকেটসংখ্যা এখন ১৬৬। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে সুবিধাজনক অবস্থানে রয়েছে ইংল্যান্ড।

আরো পড়ুন: