আগেই জানা গেছে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা বাংলাদেশের। বিসিবি এরই মধ্যে এই সিরিজের সম্প্রচারের জন্য দরপত্র আহ্বান করেছে। সেই তথ্য মতে ভারতীয় দল ২৮ আগস্ট বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১, ৩ ও ৬ সেপ্টেম্বর। এরপর ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে।
সাংবাদিকদের সাথে আলাপকালে ভারত সফর নিয়ে আশাবাদ ব্যক্ত করে বিসিবির নিরাপত্তা কমিটির চেয়ারম্যান বলেন, 'আমাদের পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা করছি। কারণ আপনি জানেন যে সফরটি খুব শীঘ্রই আসছে। তো আমরা আমাদের আনুষ্ঠানিক মাধ্যম থেকে যোগাযোগ করার চেষ্টা করছি অবশ্যই। কিন্তু যে খসড়া যেটা আসছে, সেটা আপনারা আনুষ্ঠানিক হিসেবে নিয়েন না। এটা কেবল প্রক্রিয়ার অংশ।'
২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে সিরিজ স্থগিত করেছিল ভারত। তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ দায়িত্ব নেবার পর দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ক উষ্ণ হতে শুরু করে। এরপরই এই সিরিজ নিয়ে শঙ্কা কেটে যেতে থাকে।
এর আগে নিরাপত্তাজনিত কারণে সিরিজ স্থগিত হওয়ায় এবার নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্ক থাকতে চায় বিসিবি। প্রয়োজনে শুভমান গিল-জসপ্রিত বুমরাহদের বাড়তি নিরাপত্তা দেবার প্রস্তুতিও নিয়ে রাখতে চায় ক্রিকেট বোর্ড। এ প্রসঙ্গে ইব্রাহিম বলেন, 'এটা পরিস্থিতির ওপর নির্ভর করবে। এবং যদি প্রয়োজন হয়, আমরা নিরাপত্তা আরও বাড়িয়ে দেব।'