লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে জয়ের পর স্টোকস ও পেসার গাস অ্যাটকিনসনকে ঘিরে নাইটক্লাব বিতর্কের সৃষ্টি হয়। এর জেরে দুজনকেই দ্বিতীয় টেস্টের জন্য বিবেচনা করা হয়নি। স্টোকসের অনুপস্থিতিতে জো রুটের নেতৃত্বে মাঠে নামে ইংল্যান্ড, কিন্তু ওভালে ২৫৩ রানের বড় ব্যবধানে হেরে সিরিজে ১-১ সমতায় নেমে আসে স্বাগতিকরা।
স্কাই ক্রিকেট পডকাস্টে অ্যাথারটন দাবি করেন, স্টোকস পুরো ঘটনার ফলে দলের ওপর যে নেতিবাচক প্রভাব পড়েছে, তা স্বীকার করেছেন। তবে তিনি নিজের কর্মকাণ্ডের জন্য সরাসরি ক্ষমা চাননি।
অ্যাথারটন বলেন, 'স্টোকস যেভাবে বিষয়টি নিয়ে কথা বলেছেন, তাতে মনে হয়েছে তিনি ঘটনার পর দলের চারপাশে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, তার দায় স্বীকার করছেন। কিন্তু তিনি মনে করেন কি না যে তিনি কোনো ভুল করেছেন, সেটা ভিন্ন বিষয়। তিনি এ জন্য ক্ষমা চাননি।'
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, 'ঘটনার কারণে দলকে বড় মূল্য দিতে হয়েছে। ওভালে অনেক পরিবর্তন এনে খেলতে হয়েছে, কয়েকজন নতুন ক্রিকেটারকে অভিষেক করানো হয়েছে এবং ম্যাচটি তাদের জন্য সুখস্মৃতি হয়ে থাকবে না। স্টোকস এসব পরিণতি উপলব্ধি করেন, তবে তার কথায় মনে হয়েছে তিনি ঘটনার প্রভাব নিয়ে অনুতপ্ত, নিজের আচরণকে ভুল বলে মনে করেন না।'
বিতর্কের পর প্রথমবারের মতো বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন স্টোকস। সেখানে প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে সম্পর্ক, ঘটনার পর দলের পরিস্থিতি এবং নিজের অবস্থান নিয়ে কথা বলেন তিনি।
স্টোকস ও অ্যাটকিনসন দুজনই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ইংল্যান্ড একাদশে ফিরছেন। সিরিজ চলাকালীন অনাকাঙ্খিত ঘটনা ঘটায় দলের ওপর প্রভাব পড়েছে বলে স্বীকার করেন স্টোকস। বিশেষ করে এই ঘটনা প্রভাব ফেলেছে অভিষেক হওয়া জর্ডান কক্স, সনি বেকার ও জেমস রিউয়ের কাছে। তাদের কাছেও দুঃখপ্রকাশ করেছেন স্টোকস। তিনি মনে করেন নাইট ক্লাবের ঘটনা তাদের অভিষের মুহূর্তটিকে ছাপিয়ে গেছে।