উইলিয়ামসনের বদলি হিসেবে ডাক পেলেন উইল ইয়াং

ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজ
উইল ইয়াং ও কেন উইলিয়ামসন
উইল ইয়াং ও কেন উইলিয়ামসন
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের মাঝ পথেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কেন উইলিয়ামসন। ফলে সিরিজের বাকি দুই ম্যাচের জন্য বাধ্য হয়েই বদলি নিতে হতো কিউইদের।

তারা উইলিয়ামসনের বদলি হিসেবে দলে ডেকেছে উইল ইয়াংকে। নিউজিল্যান্ডের হয়ে ২৩ টেস্ট খেলা ইয়াংয়ের ব্যাটিং গড় ৩১.৯৭। তিনি রোববার ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন বলে জানানো হয়েছে নিউজিল্যান্ডের পক্ষ থেকে।

আগামী বুধবার দ্য ওভালে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। ইংল্যান্ডের মাটিতে চার টেস্ট খেলার অভিজ্ঞতা আছে ইয়াংয়ের। সেখানে আট ইনিংসে ২২৩ রান করেছেন তিনি, গড় ২৭.৮৭। রয়েছে দুটি হাফ সেঞ্চুরিও।

গত এক বছরে নিউজিল্যান্ডের খেলা সাত টেস্টের মধ্যে মাত্র তিনটিতে সুযোগ পেয়েছিলেন ইয়াং। তবে উইলিয়ামসনের অবসরের পর এবার নিয়মিত একাদশে জায়গা পাকা করার সুযোগ পাচ্ছেন ৩৩ বছর বয়সী এই ব্যাটার।

ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৫ জুন, ট্রেন্ট ব্রিজে। এরই মধ্যে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক ইংল্যান্ডের কাছে ১১৫ রান হেরে সিরিজে পিছিয়ে পড়েছে কিউইরা।