আম্পায়ারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে শাস্তি পেলেন ওয়াসিম

নেপাল-সংযুক্ত আরব আমিরাত সিরিজ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আউট হওয়ার পরই আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুহাম্মদ ওয়াসিম। পরবর্তীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আম্পায়ারের বিরুদ্ধে সরাসরি পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক। আচরণবিধি ভঙ্গ করায় ওয়াসিমকে শাস্তি দিয়েছে আইসিসি।

ঘটনাটি ঘটে নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার টি-টোয়েন্টিতে। হেমান্থ ধামির করা ইনিংসের প্রথম বলেই লেগ বিফোর উইকেট হয়েছেন ওয়াসিম। নেপালের ফিল্ডাররা আবেদন করতেই আউট দেন অনফিল্ড আম্পায়ার। তাৎক্ষণিকভাবে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিক্রিয়া দেখান সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক।

আম্পায়ারের দিকে তাকিয়ে বলার চেষ্টা করেন বলে যথেষ্ট সুইং ছিল এবং সেটা লেগ সাইড দিয়ে বের হয়ে যেতো। তবে আম্পায়ারের কাছে সিদ্ধান্ত পরিবর্তনের কোন সুযোগ ছিল না। পরবর্তীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে ওয়াসিম বলেন, ‌‌‘আমরা আজকে ভালো ব্যাটিং করতে পারিনি। দুঃখজনকভাবে বলতে হচ্ছে আম্পায়ারিং সবসময় আমাদের বিপক্ষেই যায়।’

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার আচরণবিধির নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচের কোনো ঘটনা, খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল কিংবা অংশগ্রহণকারী কোনো দল সম্পর্কে প্রকাশ্যে সমালোচনার করার সুযোগ নেই। আম্পায়ারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলায় স্বাভাবিকভাবেই আইসিসির আচরণবিধির ২.৭ ধারা ভঙ্গ করেছেন ওয়াসিম।

সেটার শাস্তি হিসেবে ডানহাতি ওপেনারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত করা হয়েছে। ২৪ মাসের মধ্যে এটাই ওয়াসিমের প্রথম শাস্তির ঘটনা। যার ফলে লেভেল-ওয়ান ভঙ্গ করলেও নিষিদ্ধ হতে হচ্ছে না তাকে।

দুই অনফিল্ড আম্পায়ার বুদ্ধি প্রধান এবং বিনয় কুমার, তৃতীয় আম্পায়ার দুর্গা সুবেদী ও চতুর্থ আম্পায়ার সঞ্জয় সিগদেল ওয়াসিমের বিরুদ্ধে অভিযোগ আনেন। সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক ম্যাচ রেফারি ওয়েন্ডেল ল্যাব্রোয়ের দেওয়া শাস্তি ও অভিযোগ মেনে নিলে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় পায় সংযুক্ত আরব আমিরাত। তবে দ্বিতীয় ম্যাচে ভালো করতে পারেনি তারা। আগে ব্যাটিং করে মাত্র ১২৮ রান তোলে সফরকারীরা। রান তাড়ায় কুশল ভ্রুর্টেলের ৫৭ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংসে ৮ উইকেটের জয় পেয়েছে নেপাল।

আরো পড়ুন: