অস্ট্রেলিয়ান পেসার মাইকেল নিসারের বদলি হিসেবে কাউন্টি চ্যাম্পিয়নশিপের শুরুর ভাগের জন্য সিলসকে দলে নিয়েছিল হ্যাম্পশায়ার। তবে, চুক্তির পরপরই সিলসকে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দেয় এই টুর্নামেন্টে খেলার জন্য অনাপত্তিপত্র দেয়া হবে না তাকে। শুধু সিলসই নন, সামনের ব্যস্ত ক্রিকেট সূচীকে মাথায় রেখে এখন থেকে জাতীয় দলের অন্য দুই গুরুত্বপূর্ণ পেসার আলজারি জোসেফ ও শামার জোসেফের ওয়ার্কলোডের দিকেও বাড়তি নজর রাখবে তারা।
ইনজুরিপ্রবণ এই তিন পেসারকে নিয়ে সতর্কতার কারণ ব্যাখ্যা করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পরিচালক মাইলস বাসকম্ব বলেন, 'পেস বোলাররা আমাদের অত্যন্ত মূল্যবান সম্পদ এবং এই মৌসুমে প্রতিটি সংস্করণ ও প্রতিটি প্রতিযোগিতায় তাদের কাছ থেকে সেরাটা আশা করছি আমরা। আমরা যে পরিকল্পনাগুলো গ্রহণ করেছি, তা সুচিন্তিত। আমরা সক্রিয় এবং সুনির্দিষ্টভাবে কাজ করছি যাতে জেইডেন, শামার এবং আলজারি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে ফিট থাকে, তাদেরকে পাওয়া যায় এবং সেরা ফর্মে থাকে।'
বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলার জন্য জাতীয় দলের দায়িত্বকে অগ্রাহ্য করার বহু উদাহরণ আছে ওয়েস্ট ইন্ডিজের। বাইরের লীগে খেলে ইনজুরি আক্রান্ত হয়ে ফেরত আসায় নানান সময় গুরুত্বপূর্ণ সিরিজ ও টুর্নামেন্টে খেলোয়াড়দের পায়নি ওয়েস্ট ইন্ডিজ। তাই এবার জাতীয় দলের সিরিজ না থাকার সময়েও খেলোয়াড়দের অনাপত্তিপত্র দেবার ব্যাপারে বাড়তি সতর্ক দেশটির ক্রিকেট বোর্ড। ঘরের মাঠে ও বাইরে সামনের সিরিজগুলোর জন্য পেসারদের সেরা অবস্থায় পেতেই এমন পরিকল্পনা ওয়েস্ট ইন্ডিজের।
বাসকম্ব বলেন, 'ঘরের মাঠের আন্তর্জাতিক সিরিজগুলো শুরু হওয়ার আগে প্রস্তুতি ক্যাম্প হবে, যাতে দল পুরোপুরি প্রস্তুত হয়ে মাঠে নামতে পারে। ঘরের মাঠের সিরিজ সূচিতে রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজ, নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সব মিলিয়ে ব্যস্ত সূচি, যা পেস বোলিং ইউনিটের ওপর বড় পরিসরে শারীরিক চাপ তৈরি করবে।'
ঘরের মাঠে টানা তিনটি সিরিজের পর উপমহাদেশ সফরে আসবে ক্যারিবিয়ানরা। সেপ্টেম্বরে ভারতে সীমিত ওভারের সিরিজ খেলতে আসবে ওয়েস্ট ইন্ডিজ। আসন্ন এই সফরে তারা তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে। অক্টোবরে বাংলাদেশ সফরে এসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে রস্টন চেজের দল।