আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে ভারতের। একই সময়ে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। ফলে এই দুই আসরে ভিন্ন দুটি দল পাঠানোর সম্ভাবনা তৈরি হয়েছে। এক দলের নেতৃত্বে সূর্যকুমার যাদব এবং অন্য দলের নেতৃত্বে শ্রেয়াস আইয়ার থাকতে পারেন বলে জানা গেছে।
এই পরিকল্পনা নিয়ে নিজের মত প্রকাশ করেছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি বলেন, 'ভারতীয় দলের ক্যাপের কী মূল্য থাকল? ক্যাপের আর কী সম্মান থাকবে? ভারতীয় দলের ক্যাপ পরার জন্য একটা গর্বের মুহূর্ত প্রয়োজন।'
অশ্বিন আরও বলেন, 'ক্রিকেটারেরা অসংখ্য মানুষের প্রতিনিধিত্ব করে। গোটা দেশের মানুষ ভারতীয় ক্রিকেট দলের খেলা দেখে। একাধিক দল তৈরি করা হলে অনেকেই আন্তর্জাতিক অভিষেকের সুযোগ পাবে, কিন্তু মানুষ আর বিষয়টাকে ততটা গুরুত্ব দেবে না।'
এর আগেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। ২০২৩ সালের এশিয়ান গেমসের সময় ঘরের মাঠে এক দিনের বিশ্বকাপ চলছিল। তখন রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে একটি আলাদা দল পাঠানো হয়েছিল, যেখানে বেশ কয়েকজন উঠতি ক্রিকেটার সুযোগ পেয়েছিলেন।
অশ্বিন আরো বলেন, 'ভারতীয় দলের ক্যাপের গুরুত্ব অক্ষুণ্ণ রাখা উচিত। বেশি সংখ্যক ক্রিকেটারকে সুযোগ দিতে হলে ‘এ’ দলের খেলার ব্যবস্থা করা যেতে পারে। বিনামূল্যে ভারতীয় দলের ক্যাপ বিতরণ করা যায় না, এটি অর্জনের বিষয়।'