চট্টগ্রামে নেমে কিউই ব্যাটার উইল ইয়ং জানিয়েছেন সফরটি উপভোগ করছেন তারা। পাশাপাশি বাংলাদেশ দলের প্রশংসাও করেছেন তিনি। জানিয়েছেন বাংলাদেশ প্রথম ওয়ানডেতে হারের পর যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা তাদের অবাক করেছে। শেষ ম্যাচে দারুণ লড়াইয়ের অপেক্ষায় আছেন তারা।
এ প্রসঙ্গে ইয়ং বলেন, 'এটি সত্যিই একটি ভালো একটি সফর হচ্ছে। বাংলাদেশ তাদের কন্ডিশনে অবশ্যই খুব শক্তিশালী একটি দল এবং তারা সেটি প্রমাণও করেছে। প্রথম ওয়ানডেতে জয় পাওয়াটা দারুণ ছিল, তবে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর যে মানসিকতা দেখিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। তারা দ্বিতীয় ওয়ানডেতে খুব ভালো খেলেছে, যা আগামী বৃহস্পতিবার চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচটিকে দারুণ উন্মাদনার পর্যায়ে নিয়ে এসেছে।'
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারায় নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচে পেসার নাহিদ রানার দারুণ বোলিংয়ের সামনে টিকতে পারেনি সফরকারীরা। ৬ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ। উপমহাদেশের মাটিতে খেলা বাইরে যেকোনো দলের জন্যই চ্যালেঞ্জিং সেটা মেনে নিচ্ছেন ইয়ং।
তিনি বলেন, 'আমার মনে হয়, উপমহাদেশে সফর করাটা বেশ কিছু ভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আসে। বিশেষ করে গরমের কথা মাথায় রাখতে হয় এবং আমরা এখন সেটির সাথে মানিয়ে নিয়েছি। সবাই জানে এখানকার চ্যালেঞ্জগুলো কী। দ্বিতীয়ত, মাঠে যা-ই ঘটুক না কেন, শান্ত থেকে পরিস্থিতির সাথে দ্রুত মানিয়ে নেওয়াটাই আসল।'
বাংলাদেশ নিয়ে ইয়ং আরও বলেন, 'বাংলাদেশ গত ম্যাচে দেখিয়েছে তারা কতটা শক্তিশালী দল। তাই বৃহস্পতিবার নতুন ভেন্যু এবং নতুন গ্রাউন্ডে আমাদের দ্রুত কন্ডিশন বুঝে নিতে হবে। আমরা যেভাবে ক্রিকেট খেলতে চাই, ঠিক সেভাবেই খেলার চেষ্টা করব। ব্যাটিংয়ের ক্ষেত্রে ভালো কমিউনিকেশন এবং পার্টনারশিপ গড়া খুব জরুরি। আর বোলিংয়ের সময় আমাদের স্কিলগুলো সঠিকভাবে কাজে লাগানো এবং ফিল্ডিংয়ে সেরাটা দেওয়াই হবে আমাদের লক্ষ্য।'