আমিরের দাবি, সাঞ্জু স্যামসনের দারুণ এক ইনিংস আর বিতর্কিত এক আউটে ভারত সেমিতে উঠলেও ফাইনালে উঠতে পারবে না বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপের সুপার এইট চলাকালীন তিন তিনবার 'ভারত সেমিফাইনালে যাবে না'- এমন মন্তব্য করেন আমির।
তার কথা একেবারেই সত্যি হবার সম্ভাবনা যে জাগেনি তা নয়। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচেই সাউথ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাবার আশংকাও তৈরি করেছিলো সূর্যকুমার যাদবের দল। জিম্বাবুয়ের বিপক্ষে পরের ম্যাচে জয় পেলেও শেষ ম্যাচটা তাদের জন্য ছিলো 'ডু অর ডাই'।
সেই ম্যাচে স্যামসনের দারুণ এক ইনিংসে ভর করে ১৯৬ রানের কঠিন লক্ষ্য পেরিয়ে সেমিতে ওঠে ভারত। তাই ভুল প্রমাণিত হয় আমিরের সেই ভবিষ্যদ্বাণী। এরপরই পাকিস্তানের এক টেলিভিশন অনুষ্ঠানের সঞ্চালক আমিরকে প্রশ্ন করেন, 'আপনার ভবিষ্যদ্বাণী তো ভুল হয়ে গেল, ভারত সেমিফাইনালে পৌঁছে গেল। এখন কি বলবেন?'
নিজে ভুল প্রমাণিত হওয়ায় বিচলিত হওয়া তো দূরের কথা, উল্টো আরো আত্মবিশ্বাস নিয়ে আমির বলেন, 'দেখুন, আমার বিশ্লেষণ ঠিকই ছিল। কিন্তু সাঞ্জু স্যামসন ভালো খেলে ফেলেছে। আমি এখনও বিশ্বাস করি, ভারত পরিপূর্ণ ক্রিকেট খেলছে না। আমার এরকমই মনে হয়।'
'কেবল বুমরাহ ছাড়া ওদের কোনো বোলার ফর্মে নেই। ব্যাটিং তো আপনারা দেখতেই পাচ্ছেন, ধস নামছেই। প্রায় প্রতি ম্যাচেই ধস নামছে। স্যামসনের প্রশংসা যত করা হোক, ততই কম হবে। সামনে সেমিফাইনাল, ইংল্যান্ডের সঙ্গে বড় ম্যাচ। কে জানে কী হয়। তবে আমার এখনও বিশ্বাস, ফাইনালে ভারত খেলতে পারবে না।'