ঢাকা লিগ খেলতে চাই, জানি না আমাদের কথা শুনবে কি না: শান্ত

বিসিএল ফাইনাল
নাজমুল হোসেন শান্ত, ক্রিকফ্রেঞ্জি
নাজমুল হোসেন শান্ত, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ৫০ ওভারের আসর ঢাকা প্রিমিয়ার লিগ। ১২ ক্লাবের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট দীর্ঘদিন ধরেই বাংলাদেশ দলের ক্রিকেটারদের অন্যতম প্রস্তুতির মঞ্চ হিসেবে বিবেচিত। শীর্ষ তারকাদের উপস্থিতি, ঐতিহ্যবাহী ক্লাবগুলোর প্রতিদ্বন্দ্বিতা এবং পয়েন্ট টেবিলের লড়াই, সব মিলিয়ে এটি দেশের ক্রিকেট কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ।

কিন্তু নতুন মৌসুম ঘিরে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কয়েকটি ক্লাব বর্তমান বোর্ড ব্যবস্থাপনার অধীনে খেলতে অনাগ্রহী, এমন ঘটনা চলমান রয়েছে দেশের ক্রিকেট অঙ্গনে। মার্চ-এপ্রিলকে সামনে রেখে লিগ শুরুর সম্ভাবনা থাকলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। একই সঙ্গে নারীদের প্রতিযোগিতাও ঝুলে আছে অনিশ্চয়তায়।

এ অবস্থায় জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লিগ আয়োজনের প্রয়োজনীয়তার কথা স্পষ্টভাবে তুলে ধরেছেন। বিসিএল ফাইনাল শেষে তিনি বলেন, 'আমরা খেলতে চাই। আমাদের কথা শুনবে কিনা জানি না। খুব গুরুত্বপূর্ণ যে এই ওয়ানডে প্রতিযোগিতাটা হওয়া। বিশেষ করে ঢাকা প্রিমিয়ার লিগ। সামনে আমাদের ওয়ানডে বিশ্বকাপ আছে। এখন আমরা ওয়ানডে ম্যাচ খুব কম খেলি।'

ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে ৫০ ওভারের ম্যাচের অভাবকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। শান্তের ভাষ্য, 'প্রিমিয়ার লিগের সময়ই কিন্তু ৫০ ওভারের ম্যাচ খেলার সুযোগ হয়। তাই এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রতিযোগিতা। আমি চাইবো লিগটা যেন খুব ভালোভাবে আয়োজন করা হয়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট যেন দেখা যায় এবং ভালো স্পোর্টিং উইকেটে খেলা হয়।'

সামনে রয়েছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল-এর বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই সিরিজের আগে বোর্ড আয়োজন করেছিল বিসিএল ওয়ানডে আসর, যেখানে চারটি দলে ভাগ হয়ে অংশ নেন দেশের ৬০ জন ক্রিকেটার। প্রতিযোগিতায় শান্তদের দল রানার্সআপ হয়েছে।

বিসিএলকে ইতিবাচক প্রস্তুতি হিসেবে দেখছেন শান্ত। তার মন্তব্য, 'প্রস্তুতির দিক থেকে, আন্তর্জাতিক সিরিজ খেলার আগে এটা ভালো টুর্নামেন্ট হয়েছে। ব্যাটার ও বোলাররা ভালো মতো প্রস্তুতি নিতে পেরেছে। স্পোর্টিং উইকেট ছিল। ওভারঅল টুর্নামেন্ট দারুণ ছিল।'

আরো পড়ুন: