মুস্তাফিজের লাহোরের ম্যাচ দিয়ে শুরু পিএসএল

পিএসএল
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলবে লাহোর কালান্দার্স। মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমনদের প্রতিপক্ষ প্রথমবারের মতো পিএসএল খেলতে যাওয়া হায়দরাবাদ কিংসম্যান। বিষয়টি নিশ্চিত করেছেন সালমান নাসের।

গত ডিসেম্বরে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক পরিস্থিতির কারণে বাঁহাতি পেসারকে আইপিএল থেকে বাদ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএল ছেড়ে দেওয়ায় সুযোগটা কাজে লাগিয়েছে পিএসএল। নিলামের আগেই ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে মুস্তাফিজের সঙ্গে সরাসরি চুক্তি করে লাহোর।

২০১৮ সালেও বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে খেলেছেন মুস্তাফিজ। তারকা পেসার ছাড়াও লাহোরের হয়ে পিএসএল খেলবেন ইমন। বাঁহাতি উইকেটকিপার ব্যাটার এবারই প্রথম বিপিএলের বাইরে কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন। ২৬ মার্চ পর্দা উঠছে পিএসএলের আগামী আসরের। টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নামছেন তারা।

পিএসএলে প্রধান নির্বাহী সালমান জানিয়েছেন, বর্তমান চ্যাম্পিয়ন লাহোর ও হায়দরাবাদের ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ। ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানও থাকবে। এ ছাড়া সালমান এও জানিয়েছেন, টুর্নামেন্টের প্রথম লেগের বেশিরভাগ ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। চলতি সপ্তাহের শেষের প্রকাশ করা হতে পারে পিএসএলের সূচি।

গুঞ্জন আছে, পিএসএলের আগামী আসরের গ্রুপ পর্ব ও নক আউটের ম্যাচগুলো পাকিস্তানের বিভিন্ন ভেন্যুতে হলেও ফাইনাল হতে পারে দেশের বাইরে। সেটা নিয়ে অবশ্য নতুন করে কোনো কিছু জানালেন না সালমান। তবে পিএসএলের প্রধান নির্বাহী ইঙ্গিত দিয়েছেন, বিদেশে থাকা পাকিস্তানিরাও পিএসএলের অভিজ্ঞতা নিতে চান। গুঞ্জন আছে, ইংল্যান্ডে হতে পারে ফাইনাল।

এ প্রসঙ্গে সালমান বলেন, ‘চলতি সপ্তাহের শেষের দিকে সূচি প্রকাশ হবে। তখন সবকিছু পরিস্কার হয়ে যাবে। কিন্তু কিছু একটা আছে যেটা আমাদের ভাবনায় আছে। কারণ বিদেশে থাকা আমাদের পাকিস্তানিরাও পিএসএলের অভিজ্ঞতা নিতে চায়। এটা এখন বৈশ্বিক টুর্নামেন্ট হয়ে গেছে। খুব সম্ভবত আমাদের অন্তত একটা ম্যাচ বিদেশি নেওয়া উচিত। চলতি বছর হোক কিংবা পরের বছর, এটা হবেই। সপ্তাহের শেষের দিকে পরিস্কার হয়ে যাবে।’

মুস্তাফিজ ও ইমনের বাইরেও পিএসএলে খেলবেন বাংলাদেশের রিশাদ হোসেন ও নাহিদ রানা। গত মৌসুমে লাহোরের হয়ে চ্যাম্পিয়ন হওয়া রিশাদ এবার খেলবেন পিন্ডিজের হয়ে। ৩ কোটি পাকিস্তানি রুপিতে তাকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। গত আসরের মতো আগামী পিএসএলেও পেশাওয়ার জালমির হয়ে খেলবেন নাহিদ। যদিও গতবার ম্যাচ খেলার সুযোগ হয়নি ডানহাতি পেসারের।

আরো পড়ুন: