অবসর চেয়েছিলেন আফ্রিদি-ইউসুফ, কড়া জবাব শাদাবের

পাকিস্তান ক্রিকেট
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারতের কাছে পাকিস্তানের হারের পর সমালোচনায় সরব হন সাবেক ক্রিকেটারদের অনেকেই। নাম ধরে কয়েকজনের নামেই কড়া মন্তব্য করেছেন শহিদ আফ্রিদি ও মোহাম্মদ ইউসুফ। সমালোচনা হয়েছে পাকিস্তানের অলরাউন্ডার শাদাব খানকে নিয়েও। সেই সমালোচনার জবাব দিয়েছেন শাদাব।

কলম্বোয় ভারতের বিপক্ষে ৬১ রানের হারের পর চাপ বেড়ে যায় পাকিস্তান দলে। বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে পরাজয়ের পর সমালোচনার মাত্রাও বাড়ে। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামিবিয়াকে ১০২ রানে হারিয়ে সুপার এইট নিশ্চিত করে দলটি।

নামিবিয়ার বিপক্ষে জয়ের পর শাদাব বলেন, 'আমাদের সাবেক ক্রিকেটারদের নিজস্ব মতামত আছে। তারা পাকিস্তানের হয়ে অনেক ভালো করেছেন। তবে দিনশেষে, তারাও তো এমন কিছু করতে পারেননি। বিশ্বকাপে ভারতের বিপক্ষে একমাত্র জয়টি আমাদেরই।'

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের একমাত্র জয় আসে ২০২১ আসরে। সাবেকদের মন্তব্য প্রসঙ্গে শাদাব আরও বলেন, 'সমালোচনা আমাদের নিয়ন্ত্রণে নেই। সবারই মতামত দেয়ার অধিকার আছে। আমার মনে হয়, দলে ফেরার পর থেকে স্রেফ একটি ওভারই হয়তো ভালো হয়নি আমার। সেটির কারণেই অনেক সমালোচনা হয়েছে।'

ভারতের বিপক্ষে ম্যাচে এক ওভারে ১৭ রান দেন তিনি। এরপর টি-টোয়েন্টি দল থেকে তাকে বাদ দেয়ার পরামর্শ দেন আফ্রিদি এবং ইউসুফ।

ইউসুফের সমালোচনার জবাবে শাদাব বলেন, 'তিনি একজন কিংবদন্তি। তবে তিনিও তো বিশ্বকাপে ভারতের বিপক্ষে তেমন কিছু করতে পারেননি।'

২০০৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে একমাত্র ম্যাচে ইউসুফ করেছিলেন ২৫ রান। এই দফায় দলে ফেরার পর শাদাবের পারফরম্যান্স অবশ্য পরিসংখ্যানে ইতিবাচক। ৯ ইনিংসে করেন ১৮৭ রান, স্ট্রাইক রেট ১৫৭-এর বেশি। বল হাতে নিয়েছেন ১১ উইকেট, ইকোনমি সাতের নিচে। সামনে সুপার এইট পর্বে নিজের পারফরম্যান্স ধরে রাখাই তার লক্ষ্য।

আরো পড়ুন: