পিএসএলে নিবন্ধনের গুঞ্জন উড়িয়ে দিলেন বিধু বিনোদ চোপড়ার ছেলে

ভারত ক্রিকেট
মা-বাবার সঙ্গে আগ্নি দেব চোপড়া, ফাইল ফটো
মা-বাবার সঙ্গে আগ্নি দেব চোপড়া, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অবসরের আগে ভারতের ক্রিকেটারদের দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি নেই। এমন বাস্তবতায় ভারতীয় ঘরোয়া ক্রিকেটে আলোচনায় আসা ব্যাটার আগ্নি দেব চোপড়ার নাম পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামে উঠেছে, এমন খবরে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়।

চিরপ্রতিদ্বন্দ্বী দেশের লিগে ভারতীয় এক ক্রিকেটারের নাম ওঠা নিয়ে দ্রুতই সমালোচনার মুখে পড়েন আগ্নি। যুক্তরাষ্ট্রের ক্রিকেটার হিসেবে ছয় লাখ রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে তার নাম নিবন্ধন তালিকায় দেখা গেছে, এমন তথ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এই খবরকে ভুয়া ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন ভারতের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার বিধু বিনোধ চোপড়ার ছেলে আগ্নি দেব চোপড়া। ইনস্টাগ্রাম স্টোরিতে ২৭ বছর বয়সী এই ব্যাটার বলেন, 'একটি টুর্নামেন্ট নিয়ে আমার নামে ভুয়া ও বিভ্রান্তিকর খবর ছড়ানো হচ্ছে। পরিষ্কার করে দিতে চাই যে, আমি পিএসএলে নিবন্ধন করিনি।'

নিজের ভবিষ্যৎ পরিকল্পনাও স্পষ্ট করেন আগ্নি। তিনি বলেন, 'যুক্তরাষ্ট্রে নিজের ক্রিকেটের পথচলায় আমার পূর্ণ মনোযোগ এবং দীর্ঘমেয়াদে এটিই আমার ক্যারিয়ারের লক্ষ্য। সবার কাছে অনুরোধ করব, ভুল তথ্যের শিকার না হতে।'

পরে তার মা, সাংবাদিক ও চলচ্চিত্র সমালোচক আনুপামা চোপড়া সেই বক্তব্য শেয়ার করেন নিজের এক্স প্রোফাইলে। ভারতের ঘরোয়া ক্রিকেটে মিজোরামের হয়ে খেলা আগ্নি রঞ্জি ট্রফিতে অভিষেক মৌসুমেই নজর কাড়েন।

প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম চার ম্যাচেই সেঞ্চুরি করা প্রথম ক্রিকেটার তিনি। সেই মৌসুমে রঞ্জির প্লেট গ্রুপে ৯৩৯ রান করে জেতেন বিসিসিআইয়ের মাধাবরাও সিন্ধিয়া অ্যাওয়ার্ড।

চলতি মৌসুমে ভারতের ঘরোয়া ক্রিকেটে তাকে দেখা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রে ক্যারিয়ার গড়ার লক্ষ্যেই এগোচ্ছেন তিনি। গত বছর মেজর লিগ ক্রিকেটে এমআই নিউ ইয়র্কের হয়ে দুটি ম্যাচ খেলেছেন আগ্নি দেব চোপড়া।