সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য কামিন্দু। পাকিস্তানে হওয়া সবশেষ ত্রিদেশীয় সিরিজেও ছিলেন তিনি। তবে চলমান ইংল্যান্ড সিরিজে সুযোগ মেলেনি তাঁর। ব্যাট হাতে প্রত্যাশিতভাবে পারফর্ম করতে না পারায় বাদ পড়েছেন কামিন্দু! এমন ধারণা করা হলেও বিশ্বকাপ দলে সুযোগ মিলেছে লঙ্কান অলরাউন্ডার।
২০২৫ সালে ১১ টি-টোয়েন্টি খেলে কোনো হাফ সেঞ্চুরি করতে না পারা কামিন্দুর পাশাপাশি বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন পবন রত্নায়েকে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করে টি-টোয়েন্টিতেও ফেরেন তিনি। তবে বিশ্বকাপ দলে জায়গা হয়নি ধনঞ্জয়া ডি সিলভা ও প্রমোদ মাদুশানের। তবে ইংল্যান্ড সিরিজে রাখা হয়েছে তাকে।
প্রথম দুই টি-টোয়েন্টিতে সুযোগ মেলেনি লঙ্কান পেসারের। এখনো পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে ৮ টি-টোয়েন্টিতে ১২ উইকেট নেয়া প্রমোদের আবারও শ্রীলঙ্কার জার্সি গায়ে জড়ানোর অপেক্ষা বাড়ছে। সবশেষ ২০২৩ সালের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি খেলেছেন প্রমোদ। তবে মালিঙ্গা ছিটকে গেলে সুযোগ মিলতে পারে তাঁর।
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইনিংসের অষ্টম ওভারে বোলিং করার সময় বাঁ হাতের কাঁধে চোট পান ডানহাতি এই পেসার। তাৎক্ষণিকভাবে মাঠ ছাড়তে হয় তাকে। পুরো ম্যাচে আর মাঠে নামেননি মালিঙ্গা। কাঁধের চোটে পড়ায় বিশ্বকাপ খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় আছে। তবুও তারকা পেসারকে বিশ্বকাপ দলে রেখেছে শ্রীলঙ্কা।
ভারতের পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজকের দায়িত্ব পেয়েছে শ্রীলঙ্কা। ৭ ফেব্রুয়ারি থেকে পর্দা উঠতে যাওয়া টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে রয়েছে স্বাগতিকরা। যেখানে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, ওমান এবং জিম্বাবুয়ে। বিশ্বকাপের দ্বিতীয় দিন ৮ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড— দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশানকা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, পবন রত্নায়েকে, দুনিথ ওয়ালালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুশমন্থ চামিরা, মাথিশা পাথিরানা, ইশান মালিঙ্গা।