আগামী ১৯ আগস্ট হেডিংলিতে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। এটি হবে স্টোকসের অবসরের পর ইংল্যান্ডের প্রথম টেস্ট সিরিজ। একই সঙ্গে বরখাস্ত হওয়া ব্রেন্ডন ম্যাককালামের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মার্কাস ট্রেসকোথিক। নতুন প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং দায়িত্ব শুরু করবেন আগামী ডিসেম্বর সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে।
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দলে ফিরেছেন লরেন্স। ২০২৪ সালের সেপ্টেম্বরের পর প্রথমবার টেস্ট দলে জায়গা পাওয়া এই ব্যাটার চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানে ১৩ ইনিংসে ৭৮৮ রান করেছেন ৬৫.৬৬ গড়ে। পাঁচটি সেঞ্চুরিও রয়েছে তার। স্টোকসের অবসরে তৈরি হওয়া মিডল অর্ডারের শূন্যস্থান পূরণে ছয় নম্বরে ব্যাট করার সম্ভাবনা রয়েছে তার।
সাবেক সহ-অধিনায়ক অলি পোপও বাজে ফর্ম কাটিয়ে দলে ফিরেছেন। অ্যাশেজের শেষ দুই টেস্টে একাদশ থেকে বাদ পড়ার পর নিউজিল্যান্ড সিরিজের দলেও ছিলেন না তিনি। তবে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে ৫১০ রান করে আবারও নির্বাচকদের আস্থা অর্জন করেছেন।
হাঁটুর চোটে ছিটকে যাওয়া বেথেলের পরিবর্তে সুযোগ পেয়েছেন জর্ডান কক্স। নিউজিল্যান্ডের বিপক্ষে ওভালে টেস্ট অভিষেক হওয়া এই ব্যাটার এবার তিন নম্বরে ব্যাট করার সুযোগ পাচ্ছেন। এছাড়া এসেক্সের পেসার স্যাম কুকও দীর্ঘদিন পর দলে ফিরেছেন। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হলেও এরপর আর খেলার সুযোগ পাননি তিনি। চোট কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন ব্রাইডন কার্স, আর স্পিন বিভাগে আস্থা রাখা হয়েছে শোয়েব বশিরের ওপর।
জাতীয় নির্বাচক মার্কাস নর্থ দল ঘোষণার সময় বলেছেন, 'প্রথম দুই টেস্টের জন্য আমরা এমন একটি দল বেছে নিয়েছি, যেখানে উদীয়মান প্রতিভা ও অভিজ্ঞতার সমন্বয় রয়েছে। শক্তিশালী পাকিস্তান দলের বিপক্ষে লড়তে এই ভারসাম্য গুরুত্বপূর্ণ।’
ড্যান লরেন্সকে নিয়ে তিনি বলেন, ‘সারের হয়ে দারুণ একটি মৌসুম কাটানোর পর লরেন্স দলে ফিরেছে। আমাদের বিশ্বাস, তার অভিজ্ঞতা, পরিপক্বতা ও দক্ষতা মিডল অর্ডারকে আরও শক্তিশালী করবে।’
জর্ডান কক্স সম্পর্কে নর্থ বলেন, ‘ইংলিশ ক্রিকেটের সবচেয়ে প্রতিভাবান তরুণদের একজন কক্স। বেথেলের অনুপস্থিতিতে তিন নম্বরে ব্যাট করার সুযোগ সে পাবে।’
প্রথম দুই টেস্টের জন্য ইংল্যান্ডের দল: জো রুট (অধিনায়ক), জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জর্ডান কক্স, বেন ডাকেট, ম্যাথিউ ফিশার, এমিলিও গে, ড্যান লরেন্স, অলি পোপ, অলি রবিনসন, জেমি স্মিথ ও জশ টাং।