দুই মৌসুম আইপিএলে নজর কাড়ার পর ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হয়ে অভিষেক হয়েছে সূর্যবংশীর। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা সবচেয়ে কম বয়সী ক্রিকেটারও হয়েছেন তিনি। অন্যদিকে এক দশক পেরিয়ে গেলেও পিএসএল থেকে একইভাবে ব্যাটিং প্রতিভা উঠে আসেনি বলে মনে করেন ওয়াসিম।
ওয়াসিম আকরাম বলেন, 'পিএসএল শুরু হওয়ার ১০ বছর হয়ে গেছে। কিন্তু এই প্রতিযোগিতা থেকে কি একজন ব্যাটসম্যানও উঠে এসেছে? কয়েকজন ভালো বোলার অবশ্যই এসেছে। তবে উল্লেখযোগ্য কোনো ব্যাটিং প্রতিভা কি আমরা পেয়েছি? আমার মনে হয়, সূর্যবংশীর মতো একজন ব্যাটিং প্রতিভা উঠে এলেই আমরা উন্নতির চিত্র দেখতে পাব।'
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ ও পরামর্শক হিসেবে দীর্ঘ সময় কাজ করেছেন ওয়াসিম। ২০১০ থেকে ২০১৭ পর্যন্ত তার সময়ে কলকাতা দুবার শিরোপাও জেতে। পিএসএলেও ইসলামাবাদ ইউনাইটেড, মুলতান সুলতান্স ও করাচি কিংসের কোচ ও পরামর্শকের দায়িত্ব পালন করেছেন তিনি।
পাকিস্তানের ক্রিকেটে প্রতিভা খুঁজে বের করতে ক্লাব ক্রিকেটকে নতুন করে শক্তিশালী করার পরামর্শও দিয়েছেন সাবেক এই পেসার। তার মতে, ঘরোয়া পর্যায়ে প্রতিভার বিকাশ ঘটাতে পারলেই পিএসএল আরও কার্যকরভাবে জাতীয় দলের জন্য ক্রিকেটার তৈরি করতে পারবে।
ওয়াসিম আরো বলেন, 'লাল বলের ক্রিকেটে উন্নতি চাইলে ক্লাব ক্রিকেটকে আবার শক্তিশালী করতে হবে। প্রতিভার মূল উৎস ক্লাব ক্রিকেট। করাচি ও লাহোরে এ খাতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ১০ কোটি রুপি করে বিনিয়োগ করা উচিত।'