বাংলাদেশ এখন টেস্টেও সেরাদের বিপক্ষে লড়তে প্রস্তুত, মানছেন ওয়াসিম

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
ওয়াসিম আকরাম ও বাংলাদেশ দল
ওয়াসিম আকরাম ও বাংলাদেশ দল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টেস্টে বাংলাদেশ গত বেশ কয়েক বছর ধরেই ধারাবাহিক পারফরম্যান্স করছে। এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট জয়ের কীর্তি গড়েছে নাজমুল হোসেন শান্তর দল। এর মধ্যে দুটি পাকিস্তানের মাটিতে আর দুটি নিজেদের ঘরের মাঠে। বাংলাদেশের এই উন্নতি চোখে পড়েছে পাকিস্তানের কিংবদন্তী পেসার ওয়াসিম আকরামের।

তার বাংলাদেশকে এখন বিশ্বের সেরা টেস্ট দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পুরোপুরি প্রস্তুত। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের মাঝে শ্রীলঙ্কার মাটিতে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করেছিল টাইগাররা। এমনকি নিউজিল্যান্ডের মাটিতে তাদের হারিয়ে টেস্ট জয়ের স্মৃতিও খুব বেশি পুরনো হয়নি।

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর ওয়াসিম আকরাম ফেসবুকে এক পোস্টে বলেছেন, 'বাংলাদেশের কাছে দ্বিতীয়বার পাকিস্তানকে হারতে দেখে সত্যিই হতাশ লাগছে। তবে জয়ী দলকে পুরো কৃতিত্ব দিতেই হবে, কারণ তারা পরিপূর্ণ ক্রিকেট খেলেছে। বাংলাদেশ সাধারণত ধীরগতির ও স্পিন-সহায়ক উইকেট বানাত, কিন্তু এখন তারা দারুণ টেস্ট উইকেট বানাচ্ছে, যা তাদের উদীয়মান পেসারদের সাহায্য করছে, আর এই পেসাররাই পাকিস্তানকে ছাপিয়ে গেছে।'

বাংলাদেশ এক সময় ঘরের মাঠে স্পিন বান্ধব উইকেট বানিয়ে প্রতিপক্ষকে বধের পরিকল্পনা করত। তবে এখন বাংলাদেশ প্রতিযোগীতামূলক উইকেটে প্রতিপক্ষকে চোখে চোখ রেখে চ্যালেঞ্জ জানাচ্ছে। পাকিস্তান সিরিজে বিশেষ করে সবার নজর কেড়েছেন নাহিদ রানা।

এই পেসার মিরপুর টেস্টের শেষ দিনে পাকিস্তানকে একাই ধসিয়ে দেন। গতি ও বাউন্সে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলেছেন নিয়মিতই। নাহিদ ৪০ রানে ৫ উইকেট নিয়েছেলেন সেই ম্যাচে। সিলেটেও দারুণ ছিলেন নাহিদ। দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৫ উইকেট।

নাহিদের প্রশংসা করে ওয়াসিম বলেন, 'এই সংস্করণের বিশ্বসেরা দলগুলোর বিপক্ষে এখন প্রতিদ্বন্দ্বিতা করতে পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ। তাদের নাহিদ রানা কি অসাধারণ এক প্রতিভা, তার বোলিং দেখা সত্যিই দারুণ ব্যাপার। অভিনন্দন বাংলাদেশ।'

আরো পড়ুন: