এনপিএলে দল পেলেন সাকিব

এনপিএল
সাকিব আল হাসান
সাকিব আল হাসান
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সাকিব আল হাসান বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। তিনি জাফনা কিংসের হয়ে বল হাতে দারুণ পারফরম্যান্স করছেন। এর মধ্যেই সাকিব নতুন ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেয়েছেন। এই বাংলাদেশি অলরাউন্ডার খেলবেন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল)।

তাকে দলে ভিড়িয়েছে পোখারা অ্যাভেঞ্জার্স। সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাকিবকে স্বাগত জানিয়েছে একটি পোস্টের মাধ্যমে।

পোখারা অ্যাভেঞ্জার্স লিখেছে, ‘বিশ্ব ক্রিকেটের মঞ্চ থেকে এবার পোখারার পাহাড়ে। ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডার এখন নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে পোখারা অ্যাভেঞ্জার্স পরিবারের সদস্য। স্বাগতম সাকিব আল হাসান।’

শুধু সাকিবই নন, নতুন মৌসুমের আগে কোচিং স্টাফেও বড় পরিবর্তন এনেছে পোখারা। দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন শ্রীলঙ্কার সাবেক রহস্য স্পিনার আজন্তা মেন্ডিস। এই স্পিনার শ্রীলঙ্কার ২০১৪ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। সেই মানসিকতাই এবার তিনি কাজে লাগাতে চাইবেন দলটির হয়ে।

নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসর শুরু হবে আগামী ১৭ নভেম্বর। টুর্নামেন্ট চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। সব ম্যাচ অনুষ্ঠিত হবে কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে।

এবারের আসরে মোট আটটি দল অংশ নেবে। দলগুলো হলো বিরাটনগর কিংস, চিতওয়ান রাইনোস, জোনকপুর বোল্টস, কর্ণালি ইয়াকস, কাঠমান্ডু গোরখাস, লুম্বিনি লায়ন্স, পোখারা অ্যাভেঞ্জার্স এবং সুদুরপশ্চিম রয়্যালস।

আরো পড়ুন: