লিটনের চোটে মেডিকেল বিভাগের দায় দেখছেন না বাশার

বাংলাদেশ ক্রিকেট
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
একমাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো কাফ মাসলের চোট থেকে সেরে উঠতে পারেননি লিটন দাস। প্রয়োজনের চেয়ে বেশি সময় লাগলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের দায় দেখছেন না হাবিবুল বাশার সুমন। বাংলাদেশের প্রধান নির্বাচক জানান, স্ক্যান করানোর পরও বারবার একই চোট ধরা পড়ছিল।

১৪ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ব্যাটিং করার সময় কাফ মাসলের চোটে পড়েছিলেন লিটন। ব্যক্তিগত ৪৮ রানের সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন ডানহাতি উইকেটকিপার ব্যাটার। যদিও ইনিংসের শেষের দিকে আবারও ব্যাটিংয়ে নেমে ৫৮ রানে অপরাজিত ছিলেন তিনি। সেই চোট নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে গিয়েছিলেন লিটন।

যদিও প্রথম দুই টি-টোয়েন্টিতে খেলতে পারেননি তিনি। পরবর্তীতে তৃতীয় টি-টোয়েন্টির আগে ঢাকায় ফেরেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। চোট থেকে সেরে উঠতে না পারায় জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টেও ছিলেন না। ওয়ানডে সিরিজ দিয়ে ফেরার কথা থাকলেও খেলা হয়নি তার। দ্বিতীয় ম্যাচের আগে সেরে উঠতে না পারায় পুরো সফর থেকে ছিটকে যান।

এমনকি লঙ্কা প্রিমিয়ার লিগেও (এলপিএল) যেতে পারেননি লিটন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও পাওয়া যাচ্ছে না তাকে। কদিন আগেই সিঙ্গাপুরে স্ক্যান করিয়েছেন তিনি। যেখানে পেশিতে ফোলাভাব ধরা পড়েছে এবং চিকিৎসা নিয়েছেন। প্রগ্রেসিভ রানিং ও কন্ডিশনিং প্রোগ্রাম করার পর ১৩ আগস্ট নাগাদ ফিটনেস পরীক্ষা দিতে পারেন লিটন।

সেই পরীক্ষা উতরে যেতে পারলে দ্বিতীয় টেস্টে পাওয়া যেতে পারে তাকে। কাফ মাসলের চোট থেকে সেরে উঠতে প্রয়োজনের চেয়ে বেশি সময় লাগলেও মেডিকেল বিভাগের দায় দেখছেন না বাশার। তিনি বলেন, ‘মেডিক্যাল বিভাগের দোষ দিতে পারছি না। কারণ স্ক্যানে যে চোট ধরা পড়েছিল, সেটাই ছিল। কিন্তু কোনোভাবে লিটনের ব্যথা কমছিল না। পরে এখানেও পরীক্ষা করা হয়, তখনও নতুন কিছু ধরা পড়েনি। তাই টেস্ট ম্যাচ থেকে তাকে সরিয়ে নেওয়া হয়।’

তিনি আরও যোগ করেন, ‘মেডিক্যাল বিভাগের ভুল কিনা বলতে পারছি না। তারা স্ক্যানে কিছু পাননি। কারণ তারা এভিডেন্স অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে। পরে আবার পরীক্ষা করা হলেও কিছু ধরা পড়েনি। শেষ পর্যন্ত সিঙ্গাপুরে করা পরীক্ষায় পেশিতে ফোলাভাব ধরা পড়ে, তবে কোনো ছিঁড়ে যাওয়ার সমস্যা ছিল না। এখন হয়তো সে ভালো আছে। তবে তাকে ধাপে ধাপে ফিরতে হবে।’

লিটনের পাশাপাশি চোটে ভুগছেন পেসার নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম। চোটের কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে আছেন আরেক পেসার তানজিম হাসান সাকিব। ক্রিকেটারদের একের পর এক চোটে উদ্বিগ্ন বিসিবি। এদিকে লিটনের কাফ মাসলের চোট নির্ণয় ও চিকিৎসা প্রটোকলে ত্রুটি ছিল কিনা খতিয়ে দেখছে বোর্ড। মেডিকেল বিভাগের সঙ্গে কথাও বলবে তারা।

আরো পড়ুন: