২০২৪ মৌসুমে মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে নেতৃত্বের দায়িত্ব পান রুতুরাজ। তবে এখন পর্যন্ত তার অধীনে চেন্নাই প্লে-অফে উঠতে পারেনি। দলের সাম্প্রতিক ব্যর্থতার কারণ হিসেবে বারবার চোট সমস্যাকেই দায়ী করেছেন এই ওপেনার।
স্পোর্টস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে গায়কোয়াড় বলেন, 'গত দুই বছর আমাদের প্রত্যাশামতো যায়নি। তবে একটি মৌসুমে অনেক বিষয় প্রভাব ফেলে। ২০২৫ সালে আমি অধিনায়ক থাকা অবস্থায় টুর্নামেন্টের অর্ধেকের বেশি ম্যাচ খেলতে পারিনি, যা দলের জন্য বড় ধাক্কা ছিল। তার আগের বছরও আমাদের প্রথম একাদশের চার-পাঁচজন খেলোয়াড় প্রায় অর্ধেক মৌসুম মাঠের বাইরে ছিল।'
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টানা দুই মৌসুমে শিরোপা জিতলেও, গায়কোয়াড়ের মতে তাদের গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় চোটে পড়লে ফলাফল ভিন্ন হতে পারত।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'বেঙ্গালুরুর মতো সফল দলের ক্ষেত্রেও যদি তিন-চারজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারাতে হয়, তাহলে তার প্রভাব পড়বেই। কিন্তু অনেকেই এসব বিষয় বিবেচনায় নেন না। আইপিএল ফলাফলনির্ভর একটি টুর্নামেন্ট এবং সবাই আশা করে সিএসকে প্রতি বছর ভালো করবে। কারণ গত ১৫-১৬ বছর ধরে দলটি সেই মান ধরে রেখেছে। তবে এমন সময় আসতেই পারে, যখন সবকিছু পরিকল্পনামতো হবে না।'
তবে সাম্প্রতিক মৌসুম নিয়ে আশাবাদী সিএসকে অধিনায়ক। তার মতে, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে দল অনেক ভালো ক্রিকেট খেলেছে। চেন্নাই অধিনায়ক বলেন, '২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে আমাদের পারফরম্যান্স অনেক ভালো ছিল। আগামী মৌসুমে আরও উন্নতির আশা করছি।'