আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আট দলের এই টুর্নামেন্টটি টি-টোয়েন্টি সংস্করণে ১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২০২২ সালে প্রথমবার ঘোষিত এই আসরের নতুন সূচির ফলে নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া সফরের সঙ্গে আংশিক সূচি সংঘাত তৈরি হতে পারে। নিউজিল্যান্ডের ওই ছয় ম্যাচের সাদা বলের সিরিজ শুরু হবে ২৭ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৭ মার্চ।
জানা গেছে, পরিবর্তিত সূচি সম্পর্কে অবগত রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং তারা সম্ভাব্য বিকল্প নিয়ে ভাবছে। এদিকে, আইসিসি এ বছর নারী ইমার্জিং নেশনস ট্রফির নতুন সংস্করণ পরীক্ষামূলকভাবে আয়োজনের অনুমোদন দিয়েছে। এবার ১০ দলের এই টুর্নামেন্টে খেলবে পাঁচটি পূর্ণ সদস্য দেশ এবং র্যাঙ্কিংয়ের ভিত্তিতে নির্বাচিত পাঁচটি সহযোগী সদস্য দেশ।
গত বছর প্রথমবার আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল আটটি সহযোগী সদস্য দল এবং শিরোপা জিতেছিল থাইল্যান্ড। আইসিসি ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই প্রক্রিয়াও অনুমোদন করেছে। পাকিস্তানে অনুষ্ঠিতব্য এই আসরে মোট ১২টি দল অংশ নেবে, যার মধ্যে ১০টি দল সরাসরি জায়গা পাবে।
ইংল্যান্ডে চলতি মাসে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ আট দল, স্বাগতিক পাকিস্তান এবং ২০২৬ সালের ৬ জুলাইয়ের নারী টি-টোয়েন্টি র্যাঙ্কিং অনুযায়ী পরবর্তী সর্বোচ্চ অবস্থানে থাকা দলগুলো সরাসরি সুযোগ পাবে। বাকি দুটি দল আসবে আঞ্চলিক বাছাইপর্ব এবং পরবর্তী ১০ দলের বৈশ্বিক বাছাই প্রতিযোগিতা থেকে। ভারত-পাকিস্তান ম্যাচগুলো হাইব্রিড মডেল চুক্তি অনুযায়ী নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে।