৭ ম্যাচে ছয়টিতে জিতে তালিকার শীর্ষে আছে মোহামেডান। সমান ম্যাচে পাঁচটি করে জয় নিয়ে নেট রান রেটে অনুযায়ী তালিকার দুই, তিন, চারে অবস্থান করছে আবাহনী, লিজেন্ডস অব রুপগঞ্জ এবং প্রাইম ব্যাংক।
শিরোপা জেতার আগ্রহ প্রকাশ করে বাবুল বলেন, 'আমরা দুই পয়েন্ট বেশি আছি, তো এটা এমন অনেক বেশি ফারাক না আসলে। একটা খেলা অন্যরকম হলেই (হারলেই) আবার সবাই সমকক্ষ হয়ে যাবে।'
'তো এটা অবশ্যই যে চ্যাম্পিয়নশিপের জন্য একটু কষ্টদায়ক যে প্রতিটা ম্যাচে ভালো খেলতে হবে। এবং এই যে চারটা ম্যাচ আছে, প্রতিটা ম্যাচে জিততে হবে যদি আমরা চ্যাম্পিয়ন হতে চাই।'
নিজেদের খেলা সাতটি ম্যাচে মধ্যে কেবল প্রাইম ব্যাংকের সঙ্গেই হেরেছিল মোহামেডান। সেই ম্যাচে আগে ব্যাটিং করে ছয় উইকেটে ৩০৩ রান করে মোহামেডান। নাইম শেখ করেন ৯৯ রান। জবাবে শাহাদাত হোসেন দিপুর সেঞ্চুরিতে ৩ উইকেটে জিতে প্রাইম ব্যাংক।
সেই ম্যাচের স্মৃতিচারণ করে বাবুল বলেন, 'আমরা আমাদের পক্ষ থেকে এখন পর্যন্ত সবাই আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। একটা খেলা আমরা খুব বাজেভাবে হেরেছি। রান করার পরও আমরা প্রাইম ব্যাংকের সাথে হেরে গিয়েছি। এটা আমাদের একটা প্রেরণা হিসেবেও কাজ করতে পারে যে আমাদের আর পিছনের দিকে ফেরা যাবে না।
'আমি বলব যে এরপর থেকে আমাদের যে দলটা এখন আমরা পেয়েছি, অভিজ্ঞতা এবং পারফর্মার সবই আছে দলের মধ্যে। ইনশাআল্লাহ আশা করি যে আমরা একটা একটা করে যদি ম্যাচ জিতি এবং চারটা ম্যাচ জেতার মতো সামর্থ্য আমাদের আছে।'