ম্যাচের শেষদিকে তখন টানটান উত্তেজনা। তখনই সম্প্রচারকারীদের ক্যামেরায় ধরা পড়ে ডেভিডের হাতের আপত্তিকর ইশারা। দুই হাতের আঙ্গুল ব্যবহার করে কিছু একটা বোঝানোর চেষ্টা করছিলেন ডেভিড। মূহুর্তেই সেই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রমাণ পাবার পর ডেভিডের শাস্তি ঘোষণা করে বিবৃতি দেয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
বিবৃতিতে বলা হয়েছে, 'রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অলরাউন্ডার টিম ডেভিডকে আচরণবিধির লেভেল-১ ভঙ্গের দায়ে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে দুইটি ডিমেরিট পয়েন্ট। আইপিএলের আচরণবিধির ২.৬ ধারা ভঙ্গ করেছেন টিম ডেভিড। এই ধারাটি অশ্লীল, আপত্তিকর বা অবমাননাকর অঙ্গভঙ্গির সঙ্গে সম্পর্কিত। টিম ডেভিড অভিযোগ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারি অমিত শর্মা দেওয়া শাস্তি মেনে নিয়েছেন।'
২০২৫ সালের নিলামে বেঙ্গালুরুতে যোগ দেওয়ার আগে টানা তিন মৌসুম মুম্বাইয়ের হয়ে খেলেছিলেন ডেভিড। তবে সাবেক দলের বিপক্ষে এই ম্যাচে ব্যাট হাতে তেমন কোনো অবদান রাখতে পারেননি তিনি। ইনিংসের প্রথম বলেই আউট হয়ে শূন্য রানে ফিরতে হয় এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে।
এই ম্যাচে মুম্বাইয়ের দেয়া ১৬৭ রানের লক্ষ্য তাড়া করে ম্যাচের শেষ বলে এসে দুই উইকেটের জয় পায় বেঙ্গালুরু। মুম্বাইকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে তারা। ১১ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট। সমান পয়েন্ট রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট টাইটান্সেরও। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা।