৩৪ বছর বয়সী স্যান্টনারকে এর আগে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ এবং বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে ছিটকে যেতে হয়েছিল। স্ক্যানে তার কাঁধে ‘গ্রেড-থ্রি এসিএল ইনজুরি’ ধরা পড়েছিল, যার জন্য প্রায় এক মাসের পুনর্বাসন প্রয়োজন ছিল।
প্রাথমিকভাবে নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছিল, তাকে পর্যবেক্ষণে রাখা হবে এবং দ্বিতীয় ও তৃতীয় টেস্টে অন্তর্ভুক্তির বিষয়টি পরে বিবেচনা করা হবে। তবে এখন তিনি স্পিনিং অলরাউন্ডার ফক্সক্রফটের জায়গা নিচ্ছেন। ফক্সক্রফট আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টে ৯৮ রান করলেও সিরিজ শুরুর আগেই দেশে ফিরে যাচ্ছেন।
চলতি সপ্তাহে আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারিয়ে তিন দিনের মধ্যেই টেস্ট শেষ করে নিউজিল্যান্ড। সেই ম্যাচে নাথান স্মিথ ৮টি এবং ব্লেয়ার টিকনার ৬টি উইকেট নেন। ফক্সক্রফট মাত্র এক ওভার বল করেন।
হ্যামস্ট্রিংয়ের হালকা চোটের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি ম্যাট হেনরি। তিনি ইংল্যান্ড সিরিজের প্রস্তুতির জন্য কাইল জেমিসন ও উইল ও’রুরকের সঙ্গে আগেই প্রথম টেস্টের ভেন্যু লন্ডনে চলে যান।
ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের সামনে কঠিন সিরিজই অপেক্ষা করছে। অ্যাশেজ সিরিজ জানুয়ারিতে শেষ হওয়ার পর থেকে ইংল্যান্ড কোনো টেস্ট খেলেনি। তবে সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ও বর্তমান ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালাম চার বছর আগে যেভাবে দলটিকে বদলে দিয়েছিলেন, এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবেন। ম্যাককালামের কোচিংয়ের শুরুতে নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল ইংল্যান্ড।