বয়সভিত্তিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে আগেই আলোচনায় এসেছিলেন বৈভব। তবে গত আইপিএল থেকেই মূলত নজরে চলে আসেন তিনি। সাঞ্জু স্যামসনের চোটে সুযোগ পেয়ে প্রথম ম্যাচেই নিজের সামর্থ্যের জানান দেন এই তরুণ।
রাজস্থান রয়্যালস দলে আইপিএলে নিজের অভিষেক ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে বিপক্ষে প্রথম বলেই ছক্কা হাঁকান বৈভব। সেই দিন ২০ বলে ৩৪ রানের ইনিংস খেলেও নজর কাড়েন তিনি। এরপর তৃতীয় ম্যাচেই তুলে নেন ৩৫ বলে সেঞ্চুরি।
এবারের আইপিএলেও সেঞ্চুরি করেছেন বৈভব। সঙ্গে তিন ফিফটিতে এখন পর্যন্ত ১৪ ইনিংসে ৫৮৩ রান করেছেন ২৩২.২৭ স্ট্রাইক রেটে। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে দুইশ রান করার স্বপ্নের কথাও লুকাননি এই ভারতীয় ব্যাটার।
কেভিন পিটারসেনের ইউটিউব চ্যানেল ‘দা সুইচ’-এ তিনি বলেন, 'আমি বিশ ওভারের ক্রিকেটে দুইশ রান করতে চাই। আমি তার রেকর্ড (ক্রিস গেইলের ১৭৫ রান) ভাঙতে চাই এবং দুইশ করতে চাই। যদি কোনো ম্যাচে পুরো ২০ ওভার খেলতে পারি, অবশ্যই ওই রেকর্ড ভেঙে দেব।'
এর আগেও একাধিকবার দুইশ রানের কাছাকাছি পৌঁছেছিলেন বৈভব। ঘরোয়া একদিনের প্রতিযোগিতায় বিহারের হয়ে খেলেছিলেন ১৯০ রানের ইনিংস। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালেও করেছিলেন ১৭৫ রান। এছাড়া ইংল্যান্ডের যুব দলের বিপক্ষে ৫২ বলে শতক হাঁকিয়ে গড়েছিলেন যুব একদিনের ক্রিকেটে দ্রুততম শতকের রেকর্ড।
বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এই কিশোর ব্যাটার ইতোমধ্যে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৩২ ম্যাচ খেলেছেন। ২১৬-এর বেশি স্ট্রাইক রেটে করেছেন এক হাজার ২৮৪ রান। তার নামের পাশে আছে চারটি শতক ও চারটি অর্ধশতক।