‘জোহানেসবার্গের স্বাদ’ ওয়াংখেড়েতে পেয়েই ঝলসে উঠেছিলেন রিকেলটন

আইপিএল
রায়ান রিকেলটন, ফাইল ফটো
রায়ান রিকেলটন, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে বড় লক্ষ্য তাড়া করতে নেমে সহজ জয় তুলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ২২৯ রানের লক্ষ্য তারা পেরিয়ে যায় আট বল হাতে রেখেই, যেখানে বড় অবদান রাখেন সাউথ আফ্রিকার ব্যাটার রায়ান রিকেলটন।

৩২ বলে ৮৩ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন রিকেলটন। তার সঙ্গে উদ্বোধনী জুটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রোহিত শর্মা, যিনি চোট কাটিয়ে ফিরে ৪৪ বলে ৮৪ রান করেন। দুজনের ১৪৩ রানের জুটি দলকে জয়ের পথে অনেকটাই এগিয়ে দেয়।

ম্যাচ শেষে রিকেলটন বলেন, 'আমার মনে হয় আমার খেলার ধরন এই মাঠের সঙ্গে বেশ মানানসই। জোহানেসবার্গেও অনেকটা একই রকম গতি ও বাউন্স পাওয়া যায়। শট খেলার জন্য এখানে দারুণ সুযোগ থাকে, তাই নিজের মতো করে খেলতে পেরেছি।'

তিনি আরও বলেন, 'যখন আমরা সফরে যাই, তখন নিজেদের আরও উন্নত করার সুযোগ থাকে। এই মাঠের পরিবেশ আমাকে নিজের সেরাটা দিতে সাহায্য করেছে, যা দলের জন্য কাজে এসেছে।'

এই ম্যাচে তাদের আক্রমণাত্মক শুরুতেই ছিটকে যায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। দলের ব্যাটিং গভীরতা থাকায় শুরু থেকেই নির্ভীকভাবে খেলতে পারছেন বলে মনে করেন রিকেলটন।

একইসাথে বর্তমান সময়ে রান তাড়ার প্রবণতা নিয়েও মন্তব্য করেন এই ব্যাটার, 'এখন যেভাবে রান তাড়া হচ্ছে, প্রতিযোগিতাটি সত্যিই অবিশ্বাস্য হয়ে উঠেছে। তিন নম্বর থেকে নয় নম্বর পর্যন্ত আমাদের ব্যাটিং শক্তি রয়েছে, যা আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।'

রোহিতের সঙ্গে জুটি নিয়ে রিকেলটন বলেন, 'আমরা যদি শুরুতে ভালো ভিত্তি গড়ে দিতে পারি এবং প্রথম ভাগে এগিয়ে থাকতে পারি, তাহলে আমার দায়িত্ব অনেকটাই শেষ হয়ে যায়। এতে আমার ভূমিকা আরও পরিষ্কার হয়ে যায়।'

আরো পড়ুন: