দল তলানিতে, তবুও পান্তের অধিনায়কত্বে মুগ্ধ ল্যাঙ্গার

আইপিএল
জাস্টিন ল্যাঙ্গার ও ঋষভ পান্ত, ফাইল ফটো
জাস্টিন ল্যাঙ্গার ও ঋষভ পান্ত, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
গত মৌসুমে রেকর্ড ২৭ কোটি রুপিতে ঋষভ পান্তকে দলে নিয়েছিল লক্ষ্মৌ সুপার জায়ান্টস। ব্যাটার এবং অধিনায়ক দুই ভূমিকাতেই সেই আসরে ব্যর্থ হবার পর এবারের আসরে পান্তের ওপর প্রত্যাশা ছিল আরো বেশি। কিন্তু এবারেও দল আছে পয়েন্ট টেবিলের সবশেষ অবস্থানে। ব্যাট হাতেও ব্যর্থ লক্ষ্মৌ অধিনায়ক। তবুও এই ব্যাটারের ওপর আস্থা হারাতে রাজি নন লক্ষ্মৌর প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার। উল্টো, নিজের কথা না ভেবে দলের জন্য ছাড় দেবার মানসিকতার জন্য পান্তের প্রতি মুগ্ধ এই কোচ।

শক্তিশালী দল নিয়েও গত মৌসুমে সাত নম্বরে থেকে আসর শেষ করেছিল পান্তের দল। এবারের আসরে দলের অবস্থান আরো খারাপ। ৯ ম্যাচ শেষে মাত্র দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে প্লে অফের সম্ভাবনা প্রায় শেষ লক্ষ্মৌর। ব্যাটার হিসেবেও পান্ত মোটাদাগে ব্যর্থ। ৯ ম্যাচে মাত্র ১২৮ স্ট্রাইক রেটে করেছেন ২০৪ রান।

‎তাই ২৭ কোটি রুপির পান্তের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই। রেকর্ড 'প্রাইস ট্যাগ' পান্তকে উলটো চাপে ফেলে দিয়েছে কিনা সেই প্রশ্নও বারবারই মোকাবেলা করতে হচ্ছে ল্যাঙ্গারকে। তবে এসব ধারণার সাথে মোটেও একমত নন লক্ষ্মৌ কোচ। বরং এখনও অনুশীলনে কিংবা প্রস্তুতি ম্যাচগুলোতে পান্তের পারফরম্যান্স দেখে প্রতিনিয়তই মুগ্ধ হন বলে জানান তিনি।

‎সবশেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে ল্যাঙ্গার বলেন, 'আমরা এখানে দুই দিন আগে একটা প্রস্তুতি ম্যাচ খেলেছিলাম, আর ঋষি (ঋষভ পান্ত) ঠিক শেষ স্কোরটা আমার জানা নেই, হয়তো ৩০ বা ৪০ বলে ৯৫ রান করেছিল। ওকে খেলতে দেখলে মনে হচ্ছিল, "ওহ মাই গড, এটাই ঋষভ পান্ত তার সেরা ফর্মে।" তাই, সে খুবই ভালো খেলোয়াড়,এটা আমরা জানি।'

ল্যাঙ্গার আরো যোগ করেন, 'আমরা তাকে টেস্ট ক্রিকেটে পাঁচ নম্বরে নেমে প্রতিপক্ষকে গুড়িয়ে দিতে দেখেছি। আর আজকের দিনে, এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে এবং সাত দিনের বিরতির পর দুই দিন আগে যেভাবে সে খেলেছে, আমরা মনে করেছি এটা দলের জন্য একটা ভালো বিকল্প হতে পারে।'

‎পান্তের অফ ফর্মের পাশাপাশি এবারের আসরে বারবার তার ব্যাটিং পজিশন বদলে যাওয়া নিয়েও বেশ আলোচনা হচ্ছে। ওপেনিং থেকে শুরু করে চার নম্বর, সবগুলো পজিশনেই এবারের আসরে ব্যাটিংয়ে দেখা গেছে পান্তকে। বারবার এই ব্যাটিংয়ের জায়গা বদলে যাওয়া পান্তের অফফর্মের কারণেই হচ্ছে, এমন সমালোচনাও আছে। তবে, দলের প্রয়োজনে নিজের পছন্দের জায়গা ছেড়ে বর্তমানে চার নম্বরে ব্যাট করার বিষয়টিতে পান্তের স্বার্থহীন অধিনায়কত্বের বড় নমুনা মনে করেন ল্যাঙ্গার।

‎এ প্রসঙ্গে ল্যাঙ্গার বলেন, 'সে নিঃস্বার্থভাবে নিজের ব্যাটিং অর্ডার নিচে নামিয়ে দিয়েছে যাতে নিকোলাস পুরান ব্যাট করতে পারে, যার ব্যাটিং ছিল অবিশ্বাস্য। তাই হ্যাঁ, ঋষি (পান্ত) খুব বেশি পিছিয়ে নেই। আইপিএলে একজন অধিনায়ক বা কোচ হিসেবে তোমাকে সামনে থেকে নেতৃত্ব দিতে হয়, তাই না? তুমি যা করতে পারো, সেটাই হলো সামনে এগিয়ে যাওয়া। সেও তাই করে যাবে এবং আশা করি, পরবর্তী কয়েকটা ম্যাচে আমাদের কিছু জয় এনে দিতে সাহায্য করবে।'

আরো পড়ুন: