এবার কঠিন সিদ্ধান্ত নিতে চান হার্দিক

আইপিএল
হার্দিক পান্ডিয়া, ফাইল ফটো
হার্দিক পান্ডিয়া, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
জয় দিয়ে আইপিএল শুরু করেছিলো পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। এরপর টানা চার ম্যাচ হেরে খেই হারিয়েছে তারা। এদিকে দলের মধ্যেও নানান অন্তর্কোন্দলের কানাঘুষা ছড়াচ্ছে চারদিকে। এমন অবস্থায় ঘুরে দাড়াতে বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নিতে হবে বলে জানান হার্দিক পান্ডিয়া।

‎টানা তিন ম্যাচ হারের পর পাঞ্জাব কিংসের বিপক্ষে ঘুরে দাড়ানোর মিশনে নামলেও কোনো লড়াই গড়তে পারেনি হার্দিক-জসপ্রীত বুমরাহরা। কুইন্টন ডি ককের সেঞ্চুরি সত্ত্বেও ১৯৬ রানের বেশি করতে পারেনি মুম্বাই। ২১ বল বাকি থাকতেই এ রান পেরিয়ে যায় গতবারের রানারআপ পাঞ্জাব। বুমরাহ-দীপক চাহারদের মত বোলাররা ছন্দে না থাকার প্রভাব টের পাচ্ছে মুম্বাই।

‎ম্যাচ শেষের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক হার্দিক স্বীকার করে নিয়েছেন নিজেদের ব্যর্থতা, 'সত্যি বলতে, এই মুহূর্তে আমার বলার মতো কিছু নেই। আমাদের আবার নতুন করে শুরু করতে হবে এবং দেখতে হবে কোথায় ঘাটতি রয়েছে। সেটা কি ব্যক্তিগতভাবে, নাকি দল হিসেবে, নাকি পরিকল্পনায়, এসব আমরা বসে ঠিক করব, তারপর দেখব পরবর্তী পদক্ষেপ কী নেওয়া যায়।'

'তারা (পাঞ্জাব) আমাদের থেকে ভালো ব্যাটিং করেছে। তারা ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং, সব ক্ষেত্রেই আমাদের চেয়ে ভালো ছিল। আর সেটিই আমাদের ম্যাচ হারানোর কারণ।'

‎বর্তমানে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে অবস্থান মুম্বাইয়ের। এদিকে দলের ভেতর খেলোয়াড়দের অন্তর্দ্বন্দ্বের গুঞ্জনও আরো প্রবল হচ্ছে। দ্রুতই জয়ের ধারায় ফিরতে না পারলে প্লে অফের সম্ভাবনাও শেষ হয়ে যাবে তাদের। তাই দ্রুতই কঠিন কিছু সিদ্ধান্ত নিয়ে নতুন পরিকল্পনায় মাঠে নামতে চায় মুম্বাই।

‎হার্দিক যোগ করেন, 'আমার মনে হয়, আমাদের সত্যিই দেখতে হবে আমরা কিছু সাহসী সিদ্ধান্ত নেব কিনা, নাকি একই দলকে নিয়েই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব। কিছু কঠিন প্রশ্ন আছে, যার উত্তর আমাদের খুঁজে বের করতে হবে, এবং হ্যাঁ- এর দায়িত্বও আমাদেরই নিতে হবে।'

আরো পড়ুন: