ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুতে কলম্বোর নারাহেনপিতার একটি হোটেলের নারী অতিথিরা অভিযোগ করেন বাথরুমে থাকায় অবস্থায় মুঠোফোনের সাহায্যে গোপনে তাদের ভিডিও ধারণ করা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতেই সেই দুই ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে নারাহেনপিতা পুলিশ।
জামিন দেওয়া হলেও শ্রীলঙ্কা পুলিশ ক্রিকইনফোকে নিশ্চিত করেছে নারাহেনপিতা পুলিশ বর্তমানে বিষয়টি তদন্ত করছে। যেখানে তারা খতিয়ে দেখার চেষ্টা করছে মোবাইলে ধারণকৃত কোনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে কিনা।
প্রাথমিক শুনানির জন্য শ্রীলঙ্কার দুই যুব ক্রিকেটারকে আলুতকাদে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল। আগামী ২৫ মে তাদের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। সাম্প্রতিক সময়ে খানিকটা কঠিন সময় পার করছে এসএলসি।
গত কয়েক দিন ধরে গুঞ্জন ছিল, সরকারের নির্দেশে পদত্যাগ করতে পারে এসএলসির পরিচালকরা। শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি করে দুর্নীতি ও অব্যবস্থাপনার ‘দায় নিয়ে’ পদত্যাগ করেছেন শাম্মি ডি সিলভার নেতৃত্বাধীন পুরো ক্রিকেট বোর্ড। তবে রুটিন কাজ চালিয়ে নিতে ৯ সদস্যের ‘ট্রান্সফরমেশন কমিটি’ করেছে দেশটির সরকার। সেই কমিটিতে আছেন কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা।