শুরুতে ধারণা করা হয়েছিল, পায়ের চোটের কারণে আসরের প্রথম দুই সপ্তাহ ধোনিকে পাবে না চেন্নাই সুপার কিংস। কিন্তু আসর শুরুর পর কেটে গেছে প্রায় এক মাস, এরই মধ্যে দলটি আটটি ম্যাচ খেলে ফেলেছে। তবু একটিতেও তাদের সফলতম অধিনায়ককে পাওয়া যায়নি।
মার্চ মাস থেকেই দলের সঙ্গে আছেন ধোনি। অনুশীলনে অংশ নেয়া, প্রস্তুতি ম্যাচে খেলা, সব মিলিয়ে তিনি মাঠে ফেরার খুব কাছাকাছিই ছিলেন। কিন্তু একটি অনুশীলন ম্যাচেই ঘটে বিপত্তি। আগের চোট পাওয়া পেশিতেই আবার আঘাত পান ধোনি।
চেন্নাইয়ের প্রধান কোচ স্টিভেন ফ্লেমিং বলেন, 'সে (ধোনি) খেলার জন্য মুখিয়ে আছে। তবে পেশির চোট বেশ জটিল… যদি পেশি আবার ছিঁড়ে যায়, তাহলে সব সম্ভাবনাই শেষ হয়ে যাবে।'
'শুরুর দিকে কিছুটা চেষ্টা করেছিলাম, কিন্তু আমার জানামতে প্রস্তুতি ম্যাচে সে আবারও চোট পেয়েছে। এরপর থেকে সে মুভমেন্ট স্বাভাবিক করার জন্য কঠোর পরিশ্রম করছে।'
সাম্প্রতিক সময়ে নিয়মিত নেটে অনুশীলন করতে দেখা গেছে ধোনিকে। মূলত থ্রোডাউনের মাধ্যমে ব্যাটিং অনুশীলন করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে ফিজিও'র তত্ত্বাবধানে দৌড়ানো এবং স্পিনারদের বিপক্ষেও ব্যাট করতে দেখা গেছে তাকে, যা তার ফেরার সম্ভাবনাকে কিছুটা উজ্জ্বল করেছিল।
তবে পুনর্বাসনের প্রক্রিয়া এখনো শেষ হয়নি। ফ্লেমিং বলেন, 'ফিজিও সঙ্গে সে কঠোর পরিশ্রম করছে এবং পুনর্বাসনের সব কিছু করছে, আমরা কেবল সবুজ সংকেতের অপেক্ষায় আছি।'
এদিকে গুজরাট টাইটান্সের বিপক্ষে হারের পর পয়েন্ট তালিকায় এখন ষষ্ঠ স্থানে রয়েছে চেন্নাই। আগামী শনিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ধোনির ফেরা নিয়ে এখনো অনিশ্চয়তাই রয়ে গেছে।