ডাকেটের বদলি হয়ে আইপিএলে প্রথমবার রেহান

আইপিএল
রেহান আহমেদ,ফাইল ফটো
রেহান আহমেদ,ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্যারিয়ারে প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ডাক পেয়েছেন রেহান আহমেদ। ইংল্যান্ডের ব্যাটার বেন ডাকেটের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালসে যোগ দিচ্ছেন ডানহাতি লেগ স্পিন বোলিং এই অলরাউন্ডার। ৭৫ লাখ রুপিতে আইপিএলের বাকি মৌসুমে দিল্লির জার্সিতে খেলবেন পাকিস্তানি বংশোদ্ভুত ইংলিশ ক্রিকেটার।

গত ডিসেম্বরে নিলাম থেকে দুই কোটি রুপিতে ডাকেটকে কিনেছিল দিল্লি। কিন্তু আইপিএল শুরু ঠিক আগ মুহুর্তে টেস্ট ক্রিকেটে মনোযোগ দিতে নিজেকে টুর্নামেন্ট থেকে সরিয়ে নেন ইংলিশ এই ব্যাটার। আইপিএলের নিয়ম অনুযায়ী, শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করায় ডাকেট দুই বছরের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে। ডাকেট নাম প্রত্যাহারের পর তার বিকল্প হিসেবে কাউকে না নেয়ায় টুর্নামেন্টের মাঝপথে এসে সেই সু্যোগ কাজে লাগিয়েছে দিল্লি।

২১ বছর বয়সী রেহান এর আগে টি-টোয়েন্টি ব্লাস্ট, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ এবং সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে খেলেছেন। এখন পর্যন্ত তিনি মোট ৯৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৮.১৩ ইকোনমি রেটে ৮৫টি উইকেট নিয়েছেন। সাথে ১২৬ স্ট্রাইক রেটে ১০৭১ রানও আছে রেহানের ঝুলিতে।

রেহান বর্তমানে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলছেন লেস্টারশায়ারের হয়ে। জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজেও তার খেলার সম্ভাবনা রয়েছে। তবে ইংল্যান্ড ও ক্রিকেট বোর্ড (ইসিবি) তাকে আইপিএলে খেলার জন্য ইতোমধ্যেই অনাপত্তিপত্র দিয়েছে। তার কাউন্টি দল লেস্টারশায়ারও দারুণ উচ্ছ্বসিত রেহান আইপিএলে সু্যোগ পাওয়ায়।

এক বিবৃতিতে লেস্টারশায়ার বলে, 'রেহানের জন্য আমরা ভীষণ খুশি এবং গর্বিত। আমাদের ক্লাবের একজন খেলোয়াড় বিশ্বের অন্যতম বড় মঞ্চে খেলতে যাচ্ছে, এটা আমাদের জন্য দারুণ এক মুহূর্ত। আমরা চাই সে সেখানে নিজের সেরাটা দেখাক, এবং আমরা সবসময় তার পাশে থাকব।'

রেহান যোগ দেওয়ায় আরও শক্তিশালী হয়েছে দিল্লির বোলিং লাইনআপ। অধিনায়ক অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবদের মতো জাতীয় দলের স্পিনারদের সাথে আছেন ভিপরাজ নিগাম এবং ত্রিপূর্ণ বিজয়ের মতো তরুণরাও। এখনও পর্যন্ত ছয় ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে রয়েছে দিল্লি। ২৫ এপ্রিল পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।

আরো পড়ুন: